রংপুরে চাঞ্চল্যকর চার খুনের ঘটনায় দুই জন আটক
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
রংপুরের মাছুয়াপাড়া এলাকায় গত ২১ আগস্ট ২০২৬, শুক্রবার চাঞ্চল্যকর চার খুনের ঘটনায় দুইজনকে আটক করেছে রংপুর মেট্রোপলিটন পুলিশ। আটককৃতরা হলো সিদ্ধার্থ দাস (১৯), পিতা- বিনয় চন্দ্র দাস এবং মুগ্ধ দাস (২৩), পিতা- মৃত কানু দাস। উভয়ের ঠিকানা তুতফার্ম, কামাল কাছনা, মাছুয়াপাড়া, রংপুর।
ঘটনার পরপরই রংপুর মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারের লক্ষ্যে সমন্বিত অভিযান শুরু করে। পুলিশের ম্যানুয়াল সোর্সিং, গোয়েন্দা তথ্য এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য-উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে আটকৃত সিদ্ধার্থ দাস এবং মুগ্ধ দাসের হত্যাকাণ্ডের সাথে সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান পরিচালনা করে সিদ্ধার্থ দাসকে তার চাচার বাসা থেকে আটক করে। অপরদিকে, মুগ্ধ দাসকে তার নিজ বাড়ি থেকে আটক করার চেষ্টা করা হলে সে বাসার টিনের বেড়া ভেঙে পালিয়ে যায়। পরবর্তীতে রংপুর মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি চৌকস টিম তাকে ধাওয়া করে প্রায় এক ঘণ্টা ধরে অভিযান চালিয়ে তুতপাড়া এলাকা থেকে মুগ্ধ দাসকে আটক করতে সক্ষম হয়। আটকের পর মুগ্ধ দাসকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হলে সে চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করে। পরবর্তীতে সিদ্ধার্থ দাস এবং মুগ্ধ দাসকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করা হলে তারা পরস্পরের যোগসাজশে সংঘটিত চার হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ ও পরস্পরসঙ্গত তথ্য প্রদান করে।
আটককৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত সামগ্রী, লুণ্ঠিত মালামাল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ আলামত উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনার সঙ্গে আরও কোনো ব্যক্তি বা সহযোগী জড়িত রয়েছে কি না, তাও গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। হত্যাকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্ট আলামত, পারিপার্শ্বিক তথ্য, সাক্ষ্য-প্রমাণ এবং অন্যান্য প্রাসঙ্গিক তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশ্লেষণ কার্যক্রম চলমান রয়েছে।
রংপুর মেট্রোপলিটন পুলিশ এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত, ঘটনার রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনতে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে।