মধুপুরে জালেমন বেগম হত্যা মামলার আসামি নরসিংদী থেকে গ্রেপ্তার
মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়িতে জালেমন বেগম হত্যা মামলার প্রধান আসামি শাহ আলমকে (৩২) নরসিংদী থেকে গ্রেপ্তার করেছে মধুপুর থানা পুলিশ। গ্রেপ্তারের পর তাকে বিজ্ঞ আদালতে হাজির করা হলে তিনি ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেন বলে জানা গেছে।
গ্রেপ্তার শাহ আলম শেরপুর জেলার শ্রীবরদী থানার বানিয়াপাড়া এলাকার আঃ করিমের ছেলে। নিহত জালেমন বেগম শোলাকুড়ির বিএনপির নেতা মিঠুর মা হিসেবে পরিচিত।
জবানবন্দিতে আসামি শাহ আলম জানান, সহযোগী সজিবকে সঙ্গে নিয়ে চুরির উদ্দেশ্যে জালেমন বেগমের ঘরে প্রবেশ করেন তারা। এ সময় কুড়াল ও রড দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়। পরে তার গলায় থাকা চেইন ও কানের দুল নিয়ে পালিয়ে যান তারা।
জবানবন্দিতে আরও উল্লেখ করা হয়, এর আগেও তারা মিঠুর বাড়ি থেকে রাইস কুকার, কাঁথাসহ বিভিন্ন জিনিসপত্র চুরি করেছিলেন বলে শাহ আলম জানান।
মধুপুর থানা অফিসার ইনচার্জ একে এম ফজলুল হক জানান হত্যার পর থেকেই হত্যাকারীদের সনাক্ত ও গ্রেফতারের জোরচষ্টা চালিয়ে যান থানা পুলিশ।
তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানা পুলিশ আজ বুধবার নরসিংদী থেকে হত্যাকারীকে গ্রেফতার করে টাঙ্গাইলের বিজ্ঞ আদালতে হাজির করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করেন।