ফুলছড়িতে বহুমুখী নিরাপদ আশ্রয় কেন্দ্র উদ্বোধন ও কৃষকদের মাঝে বীজ বিতরণ
গাইবান্ধা প্রতিনিধিঃ
গাইবান্ধার ফুলছড়িতে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় নবনির্মিত বহুমুখী নিরাপদ আশ্রয় কেন্দ্র উদ্বোধন এবং প্রান্তিক কৃষকদের মাঝে জলবায়ু-সহনশীল ফসলের বীজ বিতরণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বেসরকারি উন্নয়ন সংস্থা গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে)-এর বাস্তবায়নে এবং এডব্লিউও ইন্টারন্যাশনালের সহযোগিতায় ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের রতনপুর গ্রামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। গণ উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী এম. আবদুস্ সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আশ্রয় কেন্দ্রের শুভ উদ্বোধন করেন গাইবান্ধার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ড. মনিরুজ্জামান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোস্তাফিজুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, চরাঞ্চল ও নদীভাঙনপ্রবণ এলাকার মানুষের জীবনমান উন্নয়ন ও দুর্যোগকালীন নিরাপত্তায় এ ধরনের বহুমুখী আশ্রয় কেন্দ্র অত্যন্ত কার্যকর ভূমিকা রাখবে। পাশাপাশি জলবায়ু-সহনশীল ফসলের আবাদ চরাঞ্চলের প্রান্তিক কৃষকদের জীবিকা সুরক্ষায় বড় অবদান রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। আয়োজকরা জানান, স্থানীয় চারজন সহৃদয় ব্যক্তির দানকৃত ২৭ শতক জমির ওপর ২৩ লাখ ৩২ হাজার ৮৩৬ টাকা ব্যয়ে রতনপুর বহুমুখী নিরাপদ আশ্রয় কেন্দ্রটি নির্মাণ করা হয়। এছাড়া দুর্যোগ ঝুঁকি হ্রাসের অংশ হিসেবে এ প্রকল্পের আওতায় উড়িয়া ইউনিয়নের মধ্য উড়িয়া এবং কঞ্চিপাড়া ইউনিয়নের রসুলপুর ও মানিককোড় গ্রামে আরও তিনটি নিরাপদ আশ্রয় কেন্দ্র নির্মাণ করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠান শেষে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় চরাঞ্চলের ৪০০ জন প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে উচ্চফলনশীল ও জলবায়ু-সহনশীল ফসলের বীজ বিতরণ করা হয়।