পার্বতীপুরে দুই সন্তানের জননী বাবলী আক্তারের রহস্যজনক মৃত্যু: স্বামী আটক।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২
দিনাজপুরের পার্বতীপুরে বাবলী আক্তার (২৫) নামের দুই সন্তানের জননী এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী রাজু ইসলামকে আটক করেছে পার্বতীপুর রেলওয়ে (জিআরপি) থানা পুলিশ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পার্বতীপুর পৌরসভার সাহেবপাড়া এলাকায় এ চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে। নিহত বাবলী আক্তার ওই এলাকার বাবু মিয়ার মেয়ে।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে স্বামী রাজু ও স্ত্রী বাবলী আক্তার নিজ ঘরে ঘুমিয়ে ছিলেন। দীর্ঘ সময় পার হলেও বাবলী ঘুম থেকে না ওঠায় স্বামী রাজু তাকে ডাকাডাকি শুরু করেন। এ সময় স্ত্রীর হাত-পা নিস্তেজ ও শক্ত অবস্থায় দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে স্থানীয় পার্বতীপুর ল্যাম্প হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক বাবলীকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্বজন ও প্রতিবেশীদের একাংশ বিষয়টিকে স্বাভাবিক মৃত্যু হিসেবে মেনে নিতে পারছেন না। তাদের অভিযোগ, ঘুমান্ত অবস্থায় বালিশ চাপা দিয়ে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ বা দায়িত্বশীল কোনো পক্ষ থেকে এ অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।
এদিকে হাসপাতাল থেকে মরদেহ স্বজনেরা বাড়িতে নিয়ে এলে খবর পেয়ে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ নিজেদের হেফাজতে নেয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পার্বতীপুর রেলওয়ে থানা পুলিশ জানায়, গৃহবধূর মৃত্যুর বিষয়টি রহস্যজনক বলে প্রতীয়মান হওয়ায় মরদেহ ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী রাজু ইসলামকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও প্রাক-তদন্ত সম্পন্ন হলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।