পাটগ্রামে পৃথক অভিযানে মাদকসহ ৪ কারবারি গ্রেপ্তার।
লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪
, ৮ জুলাই, ২০২৬
লালমনিরহাটের পাটগ্রামে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পাটগ্রাম থানা-পুলিশ। গতকাল সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় পাটগ্রাম থানা-পুলিশের একটি চৌকস দল উপজেলার রহমানপুর মেছিরপাড় এলাকায় প্রথম অভিযানটি চালায়। এ সময় ১৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— রহমানপুর মেছিরপাড় এলাকার রশিদুল ইসলামের ছেলে শামীম (২৫), হাসিনুর রহমানের ছেলে রাশেদুজ্জামান বাবু (২৪) এবং মৃত আজিজার রহমানের ছেলে হাসিনুর রহমান (৪৬)।
এদিকে, পৃথক আরেকটি অভিযানে উপজেলার রসুলগঞ্জ এলাকা থেকে ০৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ শিমুল (২৭) নামের আরও এক মাদক কারবারিকে গ্রেপ্তার করে পুলিশ। তিনি ওই এলাকার কলিম উদ্দিনের ছেলে।
পাটগ্রাম থানা-পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে। আজ সকালে তাদের লালমনিরহাট আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এমন কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।