*পাঁচবিবিতে অটোভ্যান ছিনতাই চক্রের ৪ সদস্য গ্রেফতার*
*ছিনতাই হওয়া ভ্যানসহ আটক, আদালতের মাধ্যমে জেলহাজতে*
*ইমরুল কায়েস*
*পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি*
*জয়পুরহাট, ২ সেপ্টেম্বর:* জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশের বিশেষ অভিযানে অটোভ্যান ছিনতাই চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার তাদের বিরুদ্ধে মামলা দায়ের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কালাই উপজেলার আঁওড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত গোলজার হোসেনের ছেলে আনোয়ার হোসেন (৩৬), মৃত আ. জলিলের ছেলে হারুন উর রশীদ (৪৫), দেলোয়ার হোসেনের ছেলে সুমন ইসলাম (৩০) ও দেলদার হোসেনের ছেলে শাহারুল ইসলাম (২৮)।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত সোমবার সন্ধ্যায় কালাই উপজেলার মাত্রাই বাজারের কুলি শ্রমিক অফিসের সামনে থেকে একটি অটোভ্যান ছিনতাই করে পালিয়ে যায় সংঘবদ্ধ চক্রটি। খবর পেয়ে পাঁচবিবি থানা পুলিশ দ্রুত অভিযানে নামে।
ছিনতাইকারীরা পালিয়ে পাঁচবিবির শাইলট্টি বাজারের বিন্নিপাড়া চারমাথা মোড়ে পৌঁছালে পুলিশ ধাওয়া করে ছিনতাই হওয়া অটোভ্যানসহ ৪ জনকে আটক করে।
পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ মো. তামবিরুল ইসলাম বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া ভ্যানসহ ৪ জনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ছিনতাইয়ের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।”
এ ঘটনায় পাঁচবিবি থানায় মামলা নং- ০৪/২৯২, তারিখ!- ০২/০৯/২০২৬ ইং, দণ্ডবিধির ৩৯৪ ধারায় মামলা রুজু করা হয়েছে।
ওসি আরও জানান, এলাকায় অটোভ্যান ও ইজিবাইক ছিনতাই রোধে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।