পলাশবাড়ীতে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী গ্রেপ্তার, দুই আসামি পলাতক
মোঃ মিঠু মিয়া
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম শুকনা গাঁজা ও নগদ ৭ হাজার ৮২০ টাকাসহ মোছা. মিনি বেগম (৪৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও দুই আসামি পালিয়ে গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৬ অক্টোবর) রাত ৯টা ১০ মিনিটের দিকে পলাশবাড়ী থানাধীন ৯ নম্বর হরিনাথপুর ইউনিয়নের তালুক জামিরা গ্রামে অভিযান চালায়।
অভিযানকালে তালুক জামিরা গ্রামের একটি টিনশেড বসতবাড়ির উত্তর দুয়ারী ঘরে তল্লাশি চালানো হয়। নারী কনস্টেবল সম্পা আক্তারের উপস্থিতিতে পুলিশের সদস্যরা খাটের তোষকের নিচে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় ৫০০ গ্রাম শুকনা গাঁজা এবং বিভিন্ন নোটের ৭ হাজার ৮২০ টাকা উদ্ধার করেন। পরে উপস্থিত সাক্ষীদের সামনে এসব আলামত জব্দ করা হয়।
এ ঘটনায় মিনি বেগমকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। একই ঘটনায় তার স্বামী আনিছুর রহমান (৫২) ও ছেলে মিন্টু মিয়া (৩০) পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় ৭ অক্টোবর ২০২৬ তারিখে মামলা দায়ের করা হয়েছে। মামলাটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় রুজু করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।