“দেখা হলো না”
কলমে/ সাংবাদিক এম বাদল খন্দকার।
কেরানীগঞ্জের পথে এলাম ভোর সকালে,
ছেলের মুখটা দেখবো বলে আশা বুকে পালে।
লোহার গেটে দাঁড়িয়ে রইলাম ঘন্টার পর ঘন্টা,
মন বলে বাবা এসেছে, ও কি তা জানতা?
ঢাকা কেন্দ্রীয় কারাগার, উঁচু দেয়াল ঘেরা,
ভিতরে আমার কলিজাটা, বাইরে আমি খাড়া।
ডাক এলো না, সময় ফুরালো, ফিরতে হলো খালি হাতে,
চোখের জল লুকিয়ে রাখি এই নিষ্ঠুর প্রভাতে।
হায়রে শাসন! হায়রে বিচার! কোথায় মানবতা?
একটা বাবার আর্তনাদ কি পৌঁছায় না সেথা?
ঘড়ির কাঁটায় বন্দী নাকি মায়ের মমতাও?
দেখা করার অধিকারটাও কি এতই দামী তাও?
হায়রে আমার সোনার বাংলা, সোনার দেশ তুই,
তোর বুকেতেই কাঁদছে আজি কত মা-বাবুই।
আইনের নামে দেয়াল তুলে দিলি যারে দূরে,
সেও তো কারো সন্তান, কারো বুকের নূরে।
ছেলে আমার, ভালো থাকিস লোহার ওপারে,
বাবার দোয়া পৌঁছে যাবে তোর আঁধার ঘরে।
একদিন দেখা হবেই মোদের, এই আশা বুকে,
সেদিন বলবো, কেঁদেছিলাম কেরানীগঞ্জের মুখে।