দিনাজপুরে কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার, স্বজনদের দাবি ‘হত্যা’
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২
দিনাজপুরের বীরগঞ্জে নিখোঁজের এক সপ্তাহ পর প্রশান্ত রায় (১৭) নামের এক কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামের একটি ধানক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়। মর্মান্তিক এই ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত প্রশান্ত রায় মোহাম্মদপুর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের রমেশ চন্দ্র রায়ের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর আনুমানিক ১টার দিকে সাবিত্রী নামের এক নারী ওই ধানক্ষেতে গবাদিপশুর জন্য ঘাস কাটতে গিয়ে নিহতের লাশ দেখতে পান। পরবর্তীতে তিনি বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানালে, ইউপি সদস্য যতীন্দ্রনাথ বীরগঞ্জ থানা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে। পরবর্তীতে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশটি দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
নিহতের বাবা রমেশ চন্দ্র রায় জানান, প্রায় এক সপ্তাহ আগে তার ছেলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। এরপর পরিবারের সদস্যরা সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বুধবার দুপুরে পার্শ্ববর্তী ধানক্ষেত থেকে ছেলের অর্ধগলিত লাশ উদ্ধারের খবর পান তারা।
নিহতের বাবার ধারণা, তার ছেলেকে পরিকল্পিতভাবে হত্যার পর লাশটি আড়াল করতে ধানক্ষেতে ফেলে রাখা হতে পারে। এ ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উদ্ঘাটনসহ জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থার দাবি জানিয়েছেন তিনি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বীরগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং এ বিষয়ে থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। কিশোরের মৃত্যুর সঠিক কারণ জানতে পুলিশ ইতোমধ্যেই গভীর তদন্ত শুরু করেছে।