জমি বিরোধে রাজনৈতিক রং দেওয়ার অভিযোগ জেলা বিএনপির।
লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪
লালমনিরহাট পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বিডিআর হাট এলাকায় পারিবারিক জমিজমা নিয়ে বিরোধকে রাজনৈতিক রং দিয়ে বিএনপি ও দলের নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছে লালমনিরহাট জেলা বিএনপি। একই সঙ্গে এ ঘটনায় বিএনপি বা দলের কোনো নেতাকর্মী জড়িত নন বলে দাবি করেছে দলটি।
শুক্রবার (৯ অক্টোবর) সকাল ১১টায় লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ৫ অক্টোবর বিডিআর হাট এলাকায় আয়োজিত একটি সংবাদ সম্মেলনে দুই পরিবারের ব্যক্তিগত সম্পত্তির ভাগ-বাটোয়ারা নিয়ে দীর্ঘদিনের বিরোধকে রাজনৈতিকভাবে উপস্থাপন করা হয়েছে। জেলা বিএনপির দাবি, বিষয়টি পর্যালোচনা করে তাদের কাছে প্রতীয়মান হয়েছে, একটি মহল পরিকল্পিতভাবে এ বিরোধকে রাজনৈতিক রূপ দিয়ে বিএনপি ও দলের নেতাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, সংশ্লিষ্ট দুই পরিবারের মধ্যে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ বিরোধের জেরে ভাঙচুর ও লুটপাটের ঘটনাও ঘটেছে বলে দাবি করে জেলা বিএনপি। এসব ঘটনা অতীতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে বলেও লিখিত বক্তব্যে উল্লেখ করা হয়।
জেলা বিএনপির দাবি, জমিজমা নিয়ে বিরোধের জেরে দায়ের করা মামলায় যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা সংশ্লিষ্ট পরিবারের আত্মীয় ও ঘনিষ্ঠ সদস্য। এ অবস্থায় পারিবারিক বিরোধকে রাজনৈতিকভাবে উপস্থাপন করে একটি মহল ফায়দা নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করে দলটি।
লিখিত বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলুর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চলছে বলেও অভিযোগ তোলা হয়। জেলা বিএনপির ভাষ্য, মন্ত্রীর নেতৃত্বে এলাকার মানুষের জীবনমান ও আর্থসামাজিক উন্নয়নে বিভিন্ন কার্যক্রম চলমান থাকায় একটি মহল পারিবারিক বিরোধকে রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা করছে।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপি যেকোনো ধরনের বলপ্রয়োগ, নৈরাজ্য ও ভাঙচুরের বিরোধিতা করে। পাশাপাশি অপপ্রচার ও অসৎ উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
এ সময় মাদক কারবারি, অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি এবং ফ্যাসিবাদের দোসর হিসেবে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা ও সুষ্ঠু বিচারের দাবি জানায় জেলা বিএনপি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, লালমনিরহাট পৌর বিএনপির সভাপতি মো. আফজাল হোসেন, সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ জেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।