গ্রুপিং নয়, ঐক্য গড়ে তুলুন, ব্যক্তিস্বার্থ নয়—সাংবাদিকদের স্বার্থকে প্রাধান্য দিন: নুরুল হোসাইন
বিশেষ প্রতিনিধি কামরুল ইসলাম টেকনাফ কক্সবাজার
টেকনাফ উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট ২০২৬) বিকেল ৪টায় টেকনাফ উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল হোসাইন। যুগ্ম সাধারণ সম্পাদক আফতাব হোসেন আশিকের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ-সভাপতি নজরুল ইসলাম ও মো. কলিম, বাংলাদেশ জাতীয়তাবাদী ত্যাগী মূল্যায়ন পরিষদ কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব মুরাদ হোসেন চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক সোলতান আহমদ, সদস্য খোরশেদ আলম ও সাংবাদিক কামরুল ইসলাম।
সভাপতির বক্তব্যে নুরুল হোসাইন বলেন, সাংবাদিক সমাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতেই এ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে। সাংবাদিক জসিম উদ্দিন টিপু ও বিএমএসএফ টেকনাফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাংবাদিক আরাফাত সানিকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় হয়রানি করা হয়েছে বলে সাংবাদিক সমাজের মধ্যে অভিযোগ রয়েছে। এর মধ্যে আরাফাত সানিকে দীর্ঘ সময় কারাগারে থাকতে হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, কোনো সাংবাদিকের বিরুদ্ধে অভিযোগ থাকলে অবশ্যই আইনগত প্রক্রিয়ায় তার বিচার হবে। তবে সাংবাদিকতার কারণে কোনো সাংবাদিককে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন কিংবা মিথ্যা মামলায় জড়ানো হলে সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধভাবে এর প্রতিবাদ করতে হবে।
নুরুল হোসাইন আরও বলেন, সবচেয়ে দুঃখজনক বিষয় হলো—একজন সাংবাদিক অন্য একজন সাংবাদিকের প্রশংসা সহ্য করতে পারেন না। সাংবাদিকদের মধ্যে অতিরিক্ত গ্রুপিং, বিভাজন ও পারস্পরিক বিরোধ পেশাটির মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করছে।
তিনি বলেন, সাংবাদিকরা যদি একে অপরের বিরুদ্ধে অবস্থান নেন, তাহলে সাংবাদিকদের ওপর অন্যায় চাপ প্রয়োগ করা আরও সহজ হয়ে যাবে। মতের পার্থক্য থাকতেই পারে, কিন্তু ব্যক্তিগত বিরোধকে পেশাগত সম্পর্কের মধ্যে নিয়ে আসা উচিত নয়।
তিনি আরও বলেন, “সাংবাদিক সাংবাদিকের শত্রু নয়। সাংবাদিকতার স্বাধীনতা, মর্যাদা ও সত্য প্রতিষ্ঠার জন্য একজন সাংবাদিকের পাশে আরেকজন সাংবাদিককে দাঁড়াতে হবে।”
সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, “গ্রুপিং নয়, ঐক্য গড়ে তুলুন। ব্যক্তিস্বার্থ নয়, সাংবাদিকদের স্বার্থকে প্রাধান্য দিন। অন্যায় হলে দল-মত নির্বিশেষে প্রতিবাদ করুন। আমরা বিভক্ত সাংবাদিক সমাজ নয়, ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল সাংবাদিক সমাজ দেখতে চাই।”
সভায় বক্তারা টেকনাফের সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, পারস্পরিক সৌহার্দ্য, ঐক্য এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন। একই সঙ্গে সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
সভা শেষে বাংলাদেশ জাতীয়তাবাদী ত্যাগী মূল্যায়ন পরিষদ কক্সবাজার জেলা শাখার সদস্য সচিব মুরাদ হোসেন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।