গাইবান্ধা জেলা পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনা এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি)-এর অফিসার ইনচার্জের নেতৃত্বে পরিচালিত বিশেষ অভিযানে গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নে জুয়া খেলার সময় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ জুন ২০২৬) রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে গাইবান্ধা সদর থানাধীন ৬নং রামচন্দ্রপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রামচন্দ্রপুর গ্রামের ভাঙা ডিপবাজার গোরস্থান পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় আঃ মালেকের বাড়ির দক্ষিণ পাশে আঃ হালিমের পতিত জমিতে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলারত অবস্থায় ৫ জনকে হাতেনাতে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— আলমগীর হোসেন (৩২), রুবেল মিয়া ওরফে পন্তু (২৮), নাজমুল মিয়া ওরফে নাজু (৪৫), মেহেদী হাসান (৩৮) এবং শহিদুল ইসলাম (৪৭)। তারা সকলেই গাইবান্ধা সদর উপজেলার রামচন্দ্রপুর এলাকার বাসিন্দা।
এ ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় মামলা নং-৯, তারিখ ০৫/০৬/২০২৬ রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ জুয়া ও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।