গাইবান্ধায় নৌকা থেকে পড়ে যাওয়া ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবার
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
৫ সেপ্টেম্বর,২০২৬
গাইবান্ধার সাঘাটায় বিলে নৌকা থেকে পড়ে যাওয়া দশ বছরের সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ময়নুল ইসলাম (৩২) নামের এক পল্লী বিদ্যুৎ কর্মী। ফায়ার সার্ভিসের এক ঘণ্টার উদ্ধার অভিযানে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে সৌভাগ্যবশত জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে তার শিশুসন্তান মাহিদকে।
শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার বোনারপাড়া ইউনিয়নের তেলিয়ান বিলে এই বেদনাদায়ক ঘটনাটি ঘটে। নিহত ময়নুল ইসলাম সাতকালপানি গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বিকেলে ছেলে মাহিদকে সঙ্গে নিয়ে তেলিয়ান বিলে নৌকায় করে মাছ ধরতে যান ময়নুল। বিলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই অসাবধানবশত মাহিদ নৌকা থেকে গভীর পানিতে পড়ে যায়। কোনো কিছু না ভেবেই সন্তানকে বাঁচাতে তাৎক্ষণিক পানিতে ঝাঁপ দেন ময়নুল।
বাবা-ছেলের পানিতে ডুবে যাওয়ার দৃশ্য দেখে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসেন। তারা তৎক্ষণাৎ মাহিদকে পানি থেকে উদ্ধার করতে পারলেও ময়নুল জলের স্রোতে তলিয়ে যান। স্থানীয়দের কাছ থেকে তথ্য পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে ফায়ার সার্ভিস এসে উদ্ধারকাজ শুরু করে।
সাঘাটা ফায়ার সার্ভিস স্টেশনের লিডার সাদেকুল ইসলাম জানান, “সংবাদ পাওয়ার পরপরই আমাদের ৭ সদস্যের একটি টিম উদ্ধার অভিযানে নামে। এলাকাবাসী ইতোমধ্যেই শিশুটিকে জীবিত উদ্ধার করেছিল। আমরা বিলের বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির প্রায় পৌনে এক ঘণ্টার মাথায় একটি খাদের ভেতর থেকে ময়নুলের নিথর দেহ উদ্ধার করি।”
তিনি আরও জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে রংপুর থেকে ডুবুরি টিমকে খবর দেওয়া হয়েছিল। তবে ডুবুরি দল পৌঁছানোর আগেই ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করতে সক্ষম হওয়ায় তাদের মাঝপথ থেকেই ফিরিয়ে দেওয়া হয়। আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং শিশু মাহিদ বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছে।