গাইবান্ধায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার।
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাঁদের কাছ থেকে ২৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গাইবান্ধার পুলিশ সুপারের সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিবি পুলিশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ অক্টোবর ২০২৬ তারিখ বিকেল ৪টা ৪০ মিনিটে গাইবান্ধা পৌরসভার ৮ নম্বর সবুজপাড়া এলাকায় অভিযান চালায়।
অভিযানে সবুজপাড়া গ্রামের মৃত মনতাজ মিয়ার ছেলে মোঃ বাবু মিয়া (২৫) এবং কুঠিপাড়া গ্রামের মোঃ রাব্বি মিয়ার ছেলে মোঃ শাহজালালকে (৩৮) গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায়, বাবু মিয়ার পাকা বসতবাড়ির পশ্চিম দুয়ারি কক্ষ থেকে তাঁদের ইয়াবা ট্যাবলেট সেবনরত অবস্থায় আটক করা হয়। এ সময় বাবু মিয়ার পরিহিত প্যান্টের বাম পকেটে সাদা পলিথিনে মোড়ানো ২৪ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে বাবু মিয়া ইয়াবা ট্যাবলেট বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা জানান। অপরদিকে, শাহজালালও ইয়াবা সেবনের কথা স্বীকার করেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(ক) ও ৩৬(৫) ধারায় গাইবান্ধা সদর থানায় মামলা করা হয়েছে। মামলাটির নম্বর ২৯, তারিখ ১৮ অক্টোবর ২০২৬।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।