খুলনায় কমিউনিস্ট পার্টির নেতাকে গু”লি করে হ”ত্যা.
(দৈনিক বাংলার সংবাদ ক্রাইম রিপোর্টার মোঃ সোহেল রানা )
খুলনার দিঘলিয়ায় পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির (পিবিসিপি) নেতা নাসিমুল গনি ওরফে নাসিমকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রবিবার (৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার ফরমাইজখানা এলাকায় ফায়ার সার্ভিসের সামনে এ ঘটনা ঘটে। নিহত নাসিম ওই এলাকার মৃত আব্দুর গফুরের ছেলে।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে চারটি হত্যা মামলা ও তিনটি বিশেষ ক্ষমতা আইনে মামলা রয়েছে।
দিঘলিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বিষয়টি নিশ্চিত করে জানান, নাসিম একটি চায়ের দোকানে চা খেয়ে বাসার উদ্দেশে যাচ্ছিলেন।
এ সময় দুই ব্যক্তি এসে তাকে লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি জানান, ঘটনাস্থল থেকে তিনটি গুলির খোসা, তিনটি তাজা গুলি, একটি পিস্তলের ম্যাগাজিন ও একটি চশমা উদ্ধার করা হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং হত্যার কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।