*কবি, সাহিত্যিক ও রাষ্ট্রচিন্তক জনাব ফরহাদ মজহারের সাথে মতবিনিময় করেন মোঃ আবুল হাসেম।
দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। কবি, সাহিত্যিক ও রাষ্ট্রচিন্তক জনাব ফরহাদ মজহারের সাথে দেশের চলমান রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক সংকট নিয়ে দীর্ঘ আলোচনা করেন মোঃ আবুল হাসেম, প্রকাশক ও সম্পাদক, দৈনিক বাংলার সংবাদ, চেয়ারম্যান, বাংলাদেশ মুক্তি পার্টি ও আহ্বায়ক, জাতীয় ঐক্য জোট।
মতবিনিময়কালে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্য জোট ও বাংলাদেশ মুক্তি পার্টির নেতৃবৃন্দ। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে দেশের ভবিষ্যৎ নিয়ে খোলামেলা আলোচনা হয়।
*বৈঠকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা হয়:*
*১. দেশের সার্বিক পরিস্থিতি:*
দেশে বর্তমানে এক গভীর সংকট চলছে বলে মতবিনিময়ে উল্লেখ করা হয়। সাধারণ মানুষ দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, আইন-শৃঙ্খলার অবনতি ও বিচারহীনতার সংস্কৃতিতে চরম ভোগান্তির মধ্যে রয়েছে। মানুষের বাকস্বাধীনতা, ভোটের অধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধ আজ প্রশ্নের মুখে।
*২. সরকারের বিতর্কিত ও দুর্নীতিবাজদের নিয়ে দেশে-বিদেশে সমালোচনা:*
বৈঠকে বলা হয়, সরকারের ভেতরে থাকা বিতর্কিত ও দুর্নীতিবাজ একটি চক্রের কারণে দেশে-বিদেশে সরকারের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হচ্ছে। দুর্নীতি, লুটপাট, টাকা পাচার ও ক্ষমতার অপব্যবহারের কারণে আজ আন্তর্জাতিক মহলেও বাংলাদেশ নিয়ে সমালোচনা চলছে। দেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা লুট করে যারা বিদেশে সম্পদের পাহাড় গড়েছে, তাদের বিচারের আওতায় আনতে হবে বলে দাবি জানানো হয়।
এ সময় ফরহাদ মজহার বলেন, রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত করতে হলে নৈতিক, মানবিক ও দেশপ্রেমিক নেতৃত্বের বিকল্প নেই। শুধু ক্ষমতার পরিবর্তন নয়, রাষ্ট্রব্যবস্থার মৌলিক সংস্কার প্রয়োজন।
মোঃ আবুল হাসেম বলেন, “আমরা চাই একটি মানবিক বাংলাদেশ। যেখানে দুর্নীতিবাজদের কোনো জায়গা থাকবে না। যেখানে সাধারণ মানুষ তার অধিকার ফিরে পাবে। বাংলাদেশ মুক্তি পার্টি ও জাতীয় ঐক্য জোট সেই লক্ষ্যেই কাজ করছে।”
তিনি আরও বলেন, দেশকে বাঁচাতে হলে সকল দেশপ্রেমিক, গণতান্ত্রিক ও মানবিক শক্তিকে ঐক্যবদ্ধ হতে হবে। বিভেদ নয়, ঐক্যই এখন সময়ের দাবি।