গাইবান্ধায় দেড় কোটি টাকা পাওনা রেখে ইটভাটার মালামাল বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধা সদর উপজেলার বল্লমঝাড় ইউনিয়নে প্রায় দেড় কোটি টাকা পাওনা রেখে একটি ইটভাটার মালামাল গোপনে বিক্রির অভিযোগ উঠেছে। পাওনাদারদের না জানিয়ে ভাটার মালামাল সরিয়ে বিক্রির প্রক্রিয়া চলছে বলে অভিযোগ করেছেন স্থানীয় লোকজন ও সংশ্লিষ্ট পাওনাদাররা। এ ঘটনায় পাওনাদারদের মধ্যে উদ্বেগ ও ক্ষোভ সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, গাইবান্ধা সদর উপজেলার ৫ নম্বর বল্লমঝাড় ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মধ্যম কুমেদপুর গ্রামের ডোলের মোড় সংলগ্ন পূর্ব পাশে অবস্থিত ‘রুস্তমের ভাটা’। ভাটার মালিক রুস্তম আলীর কাছে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রায় দেড় কোটি টাকা পাওনা রয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্ট পাওনাদাররা।
তাদের অভিযোগ, পাওনাদারদের সঙ্গে কোনো আলোচনা কিংবা সম্মতি ছাড়াই রাতের আঁধারে একটি কমিটি গঠন করে ভাটার মালামাল সরানো ও বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। অথচ এ বিষয়ে একাধিক পাওনাদারের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানান, এমন কোনো কমিটি গঠন বা মালামাল বিক্রির সিদ্ধান্ত সম্পর্কে তাদের কিছুই জানানো হয়নি।
স্থানীয় সূত্রের অভিযোগ, কথিত ওই কমিটিতে মোহাম্মদ আতাউর মাস্টার, মোহাম্মদ হিরু মিয়া, মো. ছকু মিয়া ও মোহাম্মদ জেনারুলের নাম রয়েছে। এছাড়া মোহাম্মদ আপেল মিয়াকে ক্যাশিয়ারের দায়িত্ব দেওয়ার কথা বলা হচ্ছে। অভিযোগ উঠেছে, ভাটার মালামাল বিক্রির অর্থ নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার উদ্দেশ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এ ঘটনায় পাওনাদার ও এলাকাবাসীর মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, ভাটার মালামাল বিক্রি হয়ে গেলে পাওনাদারদের অর্থ আদায় অনিশ্চিত হয়ে পড়তে পারে। প্রায় দেড় কোটি টাকা পাওনা রেখে মালামাল বিক্রির উদ্যোগ নেওয়া হলে পাওনাদারদের স্বার্থ কীভাবে সুরক্ষিত থাকবে, তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছেন তারা।
পাওনাদারদের ন্যায্য পাওনা নিশ্চিত করা, মালামাল বিক্রির প্রক্রিয়ায় স্বচ্ছতা বজায় রাখা এবং অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।