সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
Headline :
গাইবান্ধায় দেড় কোটি টাকা পাওনা রেখে ইটভাটার মালামাল বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি মধুপুরের বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ এরেন্ডাবাড়িতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ, বিপাকে দরিদ্র মানুষ নাগেশ্বরীতে ফ্যামিলি কার্ড প্রদানের শুভ উদ্বোধন পাটগ্রাম সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি, জিরা ও গরু আটক। উপজেলা ভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধানে মনোহরগঞ্জে কর্মশালা রমজানে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমাচ্ছে সরকার* সুনামগঞ্জ সদর প্রেসক্লাবের ২৫ সদস্য বিশিষ্ট  পূর্ণাঙ্গ কমিটি গঠন           আমতলীতে দুদকের অভিযানে ঘুষের এক লাখ টাকাসহ পৌর প্রকৌশলী আটক মধুপুরে ৭০-৮০ বছরের পুরোনো পথে বেড়া, চরম দুর্ভোগে এলাকাবাসী

আমতলীতে দুদকের অভিযানে ঘুষের এক লাখ টাকাসহ পৌর প্রকৌশলী আটক

Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

আমতলীতে দুদকের অভিযানে ঘুষের এক লাখ টাকাসহ পৌর প্রকৌশলী আটক

মাইনুল ইসলাম রাজু
আমতলী (বরগুনা) প্রতিনিধি

বরগুনার আমতলীতে ঘুষের এক লাখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে আটক করেছে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের কর্মকর্তারা।

রোববার (২২ নভেম্বর) সকাল ১১টার দিকে আমতলী পৌরসভার সামনে কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধন প্রকল্পের নির্মাণাধীন ওয়াকওয়ের কাছ থেকে তাঁকে আটক করা হয়।

আমতলী পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, পৌরসভার সামনে অবস্থিত কেন্দ্রীয় লেকের সৌন্দর্যবর্ধনের জন্য বিশ্বব্যাংকের অর্থায়নে ‘লোকাল গভর্নমেন্ট কোভিড-১৯ রেসপন্স অ্যান্ড রিকভারি প্রজেক্ট’-এর আওতায় ২০২৩-২৪ অর্থবছরে স্থানীয় সরকার মন্ত্রণালয় ১২ কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৩২৩ টাকা বরাদ্দ দেয়। ২০২৪ সালের এপ্রিলে তৎকালীন পৌর মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উপজেলা সভাপতি মতিয়ার রহমান প্রকল্পটির দরপত্র আহ্বান করেন। সর্বনিম্ন দরদাতা হিসেবে কাজটি পায় ঝালকাঠির ঠিকাদারি প্রতিষ্ঠান ইসলাম ব্রাদার্স। পরে কাজটি হাতবদল হয়ে বর্তমানে বাস্তবায়ন করছেন বরিশালের ঠিকাদার শেখ নোমান রেজা।

২০২৪ সালের ২৫ অক্টোবর আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মুহাম্মদ আশরাফুল আলম প্রকল্পটির কাজের উদ্বোধন করেন।

ঠিকাদারের অভিযোগ, কাজ শুরুর পর থেকেই আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খান তাঁর কাছে মোটা অঙ্কের ঘুষ দাবি করে আসছিলেন। চাহিদামতো ঘুষ না দেওয়ায় তাঁকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছিল এবং প্রকল্পের কাজ সঠিকভাবে বাস্তবায়নে বাধা দেওয়া হচ্ছিল। এ ঘটনায় ঠিকাদার শেখ নোমান রেজা গত ১৯ নভেম্বর দুদক পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে লিখিত অভিযোগ করেন।

অভিযোগের পর দুদক পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তাপস বিশ্বাসের নেতৃত্বে একটি দল রোববার সকালে আমতলীতে অভিযান চালায়। এ সময় পৌরসভার সামনে থেকে ঘুষের এক লাখ টাকাসহ উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে আটক করা হয়। পরে দুপুরে তাঁকে আমতলী থানায় হস্তান্তর করা হয়।

ঠিকাদার শেখ নোমান রেজা অভিযোগ করে বলেন, ‘আমতলী পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খান কাজের শুরু থেকেই ঘুষের টাকার জন্য আমাদের বিভিন্নভাবে হয়রানি করে আসছিলেন। নিরুপায় হয়ে গত ১৯ নভেম্বর দুদক পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ে অভিযোগ করি। আজ অভিযোগের সত্যতা প্রমাণিত হয়েছে।’

দুদক পটুয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. তাপস বিশ্বাস বলেন, ‘অভিযোগের পর রোববার আমতলীতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ঘুষের এক লাখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা করা হয়েছে। মামলার পর রোববার দুপুরে তাঁকে আমতলী থানায় হস্তান্তর করা হয়েছে।’

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, ‘দুদক পটুয়াখালীর কর্মকর্তারা পৌরসভার উপসহকারী প্রকৌশলী মো. রুবেল খানকে আটক করে থানায় সোপর্দ করেছেন। সোমবার সকালে তাঁকে আমতলী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।’


More News Of This Category