দিনাজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল চালক নিহত
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২
দিনাজপুরের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় মাইদুল ইসলাম (৩৮) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। রোববার সকালের দিকে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত—মাইদুল লালমনিরহাট জেলার কালীগঞ্জ থানার দক্ষিণ গোপাল রায় এলাকার বাসিন্দা ইসাহাক আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মাইদুল মোটরসাইকেল চালিয়ে লালমনিরহাট থেকে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। যাত্রাপথে ফুলবাড়ী পৌরসভার তেতুলিয়া এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে তিনি সড়কে ছিটকে পড়েন। ঠিক ওই মুহূর্তেই মিঠাপুকুরের (রংপুর) দিক থেকে আসা একটি ট্রাক তাকে পিষ্ট করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পালিয়ে যাওয়া ট্রাক ও এর চালককে চিহ্নিত করার চেষ্টা চলছে। পাশাপাশি এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা রুজু করা হয়েছে।