লালমনিরহাটে ট্রাক-নছিমন-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ২ জন নিহত।
লালমনিরহাট জেলা প্রতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪
লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এ সময় একটি গরুও প্রাণ হারায়। আজ রোববার (২২ নভেম্বর) সকালের দিকে সদর উপজেলার ফকিরের তকেয়া বসুনিয়াবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন—সদর উপজেলার পঞ্চগ্রাম ইউনিয়নের বালাপাড়া গ্রামের বাসিন্দা ও গরু ব্যবসায়ী ফজলুল হক (৪৭) এবং কুলাঘাট এলাকার বাসিন্দা, মোটরসাইকেল আরোহী ইমদাদুল হক (৪৫)।
প্রত্যক্ষদর্শী ও থানা সূত্রে জানা যায়, সকালে রংপুর থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল দ্রুতগতির একটি ট্রাক। পথে সেটি একটি গরু বহনকারী নছিমন ও একটি মোটরসাইকেলকে প্রচণ্ড বেগে ধাক্কা দেয়। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে যানবাহন তিনটি ছিটকে সড়কের পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান ফজলুল হক এবং নছিমনে থাকা একটি গরু।
এদিকে গুরুতর জখম অবস্থায় ইমদাদুল হককে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছিল। তবে পথিমধ্যেই তিনি মৃত্যুবরণ করেন।
লালমনিরহাট সদর থানার পরিদর্শক (তদন্ত) রেজাউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ট্রাকের ধাক্কায় নছিমন ও মোটরসাইকেল খাদে পড়লে ঘটনাস্থলেই একজন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পথে অপরজনের মৃত্যু হয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়ার কাজ চলছে।