সাঘাটায় ১০ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় মামলা; আসামি আত্মগোপনে
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাঘাটা উপজেলার চিথুলিয়া গ্রামে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী লাবু মিয়ার (২৩) বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা মো. হোসেন সাঘাটা থানায় লিখিত এজাহার দায়ের করেছেন। পরে পুলিশ তদন্ত শেষে ঘটনার সত্যতা পেয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করেন।
এজাহারে জানা যায়, অভিযুক্ত লাবু মিয়া ও ভুক্তভোগী শিশু একই গ্রামের বাসিন্দা। শিশুটির বাবার অভিযোগ, বেশ কিছুদিন ধরে বিভিন্ন সময় তাঁর মেয়ের প্রতি অসৎ উদ্দেশ্য পোষণ করে আসছিলেন লাবু মিয়া। সুযোগ পেলেই লাবু মিয়া শিশুটিকে বিভিন্ন সময় টাকা ও খাবারের লোভ দেখাত। গত ১২ অক্টোবর শিশুটিকে একা পেয়ে সুযোগবুঝে লাবু মিয়া ২০ টাকার একটি নোট দেয় এবং আরও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে জাহিদুল নামের এক ব্যক্তির পরিত্যক্ত নির্জন বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।
পরে বিষয়টি বাদী তার মেয়ের মুখে শুনে থানায় যেয়ে লিখিত এজাহার করেন।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও এসআই উজ্জল হোসেন জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯ এর ৪(খ) ধারায় গতকাল মঙ্গলবার মামলা রুজু করা হয়েছে যার মামলা নম্বর ১৩।
ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন বলে জানা গেছে।