*ওয়াজের মঞ্চে নসিয়ত, জীবনে কতটা আমল?*
*ধর্মীয় বক্তব্যের আড়ালে অনৈতিকতার অভিযোগে প্রশ্নবিদ্ধ আস্থা; ওয়াজ-মাহফিলে নসিয়তের পাশাপাশি বক্তাদের ব্যক্তিজীবন ও প্রতিষ্ঠানের জবাবদিহি চান সাধারণ মানুষ*
*মোঃ রুহুল আমিন:*
ছোটবেলা থেকে দেখে আসছি—শীতের রাত, খোলা মাঠ কিংবা মসজিদের আঙিনা, মাইকের উচ্চ শব্দ আর মানুষের ভিড়ে চলছে ওয়াজ-মাহফিল। কোরআন-হাদিসের আলোকে বলা হচ্ছে নৈতিকতা, সততা, সংযম, মানবিকতা ও পরকালের কথা।
কিন্তু সময়ের সঙ্গে একটি প্রশ্ন ক্রমেই বড় হয়ে উঠছে—যে নসিয়ত মানুষকে দেওয়া হয়, তা বক্তাদের নিজেদের জীবন ও প্রতিষ্ঠানে কতটা প্রতিফলিত হচ্ছে?
সাম্প্রতিক সময়ে কিছু ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের শারীরিক ও যৌন নির্যাতনের অভিযোগ, প্রতিষ্ঠানের দায়িত্বশীলদের বিরুদ্ধে অনৈতিক আচরণের অভিযোগ এবং ধর্মীয় পরিচয়কে ব্যবহার করে ব্যক্তিগত বা রাজনৈতিক স্বার্থ হাসিলের নানা বিতর্ক সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
অভিযোগ প্রমাণিত হওয়ার আগেই কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত করা যেমন ন্যায়সংগত নয়, তেমনি ধর্মীয় পোশাক, পদবি কিংবা প্রতিষ্ঠানের পরিচয়কে আইনের ঊর্ধ্বে রাখার সুযোগও নেই—এমন মত সাধারণ মানুষের।
ওয়াজ-মাহফিলের বিরোধিতা নয়, বরং এর উদ্দেশ্য ও মান নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। একটি ওয়াজ তখনই মানুষের হৃদয়ে প্রভাব ফেলবে, যখন বক্তার কথা ও কাজের মধ্যে সামঞ্জস্য থাকবে।
ধর্মের মর্যাদা রক্ষার সবচেয়ে বড় শর্ত—ধর্মের কথা বলা মানুষের নিজের জীবনেও সেই নৈতিকতার প্রতিফলন।
—
*লেখক পরিচিতি: মোঃ রুহুল আমিন, শিক্ষক, সাংবাদিক ও মানবাধিকারকর্মী*
*ই-মেইল: aminruhul8660@gmail.com | মোবাইল: 01853778013*