কুড়িগ্রামে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারালেন দুই তরুণ।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
৩১ আগস্ট, ২০২৬
কুড়িগ্রাম সদর উপজেলার পাটেশ্বরী বাজার এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) রাত ১১টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকরা হলেন—নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ ইউনিয়নের ঝাকুয়াবাড়ী গ্রামের মোতালেব মিয়ার ছেলে হিরা মিয়া (২৮) এবং রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের মন্বশ্বর গ্রামের মিজানুর রহমান মজনুর ছেলে সফিউর রহমান শুভ (২৩)।
নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে পাটেশ্বরী বাজার এলাকায় দ্রুতগতির দুটি মোটরসাইকেলের মধ্যে বিকট শব্দে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলের কয়েকজন আরোহী গুরুতর আহত হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন। উপস্থিত স্থানীয় বাসিন্দারা দ্রুত তাদের উদ্ধার করে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে নিয়ে যান।
সেখানে হিরা ও শুভর শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে আশঙ্কাজনক অবস্থায় তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরবর্তীতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছালে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে দুজনকেই মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনায় দুই যুবকের নিহতের খবর নিশ্চিত করে কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।