*সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ওয়ার্ডে তীব্র দুর্গন্ধ, রোগীদের স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ*
রৌনাক খান (সরাইল উপজেলা প্রতিনিধি)
সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের জন্য নির্ধারিত ওয়ার্ডগুলোতে তীব্র দুর্গন্ধের অভিযোগ উঠেছে। এতে রোগী, রোগীর স্বজন এবং চিকিৎসাসেবা নিতে আসা সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছেন। দুর্গন্ধযুক্ত ও অপরিচ্ছন্ন পরিবেশ নিয়ে প্রশ্ন উঠেছে হাসপাতালের সার্বিক ব্যবস্থাপনা নিয়ে।
সরেজমিনে গিয়ে জানা যায়, যেখানে মানুষ সুস্থ হওয়ার জন্য চিকিৎসা নিতে আসেন, সেই হাসপাতালের ওয়ার্ডেই বিরাজ করছে অস্বাস্থ্যকর পরিবেশ। দীর্ঘসময় এমন পরিবেশে থাকলে রোগী ও স্বজনদের ভোগান্তি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।
হাসপাতালে আসা কয়েকজন রোগীর স্বজন ক্ষোভ প্রকাশ করে বলেন, “দুর্গন্ধের কারণে ওয়ার্ডে থাকাই কষ্টকর হয়ে পড়েছে। রোগী দেখতে এসেও আমাদের এই দুর্ভোগের শিকার হতে হচ্ছে।
এ বিষয়ে হাসপাতালের প্রধানের সঙ্গে কথা বলতে তার কক্ষে গিয়েও তাকে পাওয়া যায়নি। পাশের কক্ষে থাকা এক কর্মকর্তা জানান, তিনি জেলা শহরে রয়েছেন।
এলাকাবাসী ও ভুক্তভোগীরা সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানিয়েছেন—বিষয়টি দ্রুত নজরদারিতে এনে দুর্গন্ধের উৎস চিহ্নিত করুন, পরিচ্ছন্নতা নিশ্চিত করুন এবং রোগীদের জন্য স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরি করুন।
একটি হাসপাতাল মানুষের সুস্থতার আশ্রয়স্থল। তাই সেখানে পরিচ্ছন্ন, দুর্গন্ধমুক্ত ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত জরুরি।