মাদারীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদায়ন
বালিয়াকান্দি ইউএনও’র পদোন্নতি লাভ
জেলা প্রতিনিধি রাজবাড়ী
মোঃ জাহিদুর রহিম মোল্লা
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার মানুষের আস্থা অর্জন করা ও মানবিকতা, দায়িত্বশীলতা, জনবান্ধব প্রশাসনিক কর্মকাণ্ডের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মুস্তাফিজুর রহমান পদোন্নতি লাভ করেছেন। তাকে মাদারীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার ৬ আগস্ট ২০২৬ তারিখের প্রজ্ঞাপনে তাঁকে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা থেকে মাদারীপুর জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়। প্রজ্ঞাপনে তাঁর পরিচিতি নম্বর ১৭৯৫০ উল্লেখ করা হয়েছে। আদেশ অনুযায়ী, ১০ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়। নতুন দায়িত্বে তিনি আইন অনুযায়ী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতাও প্রয়োগ করবেন।
চৌধুরী মুস্তাফিজুর রহমান ২০২৪ সালের ২৪ নভেম্বর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগদান করেন। দায়িত্ব পালনকালে সরকারি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সরকারি কর্মসূচি বাস্তবায়ন এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে সমন্বয়ের পাশাপাশি সাধারণ মানুষের বিভিন্ন সমস্যার প্রতি গুরুত্ব দেন তিনি।
মানবিক কর্মকাণ্ডের জন্যও স্থানীয়ভাবে প্রশংসিত হয়েছেন এ কর্মকর্তা। বালিয়াকান্দি উপজেলার অসহায়, অসুস্থ ও নিঃসন্তান মানুষের পাশে দাঁড়ানোর সহ বিভিন্ন সেবামুলক কাজ করেছেন। রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য মোঃ হারুন অর রশীদের সঙ্গে সমন্বয় করে অসহায় পরিবারের জন্য দোকানঘরসহ প্রয়োজনীয় সহায়তার উদ্যোগ নেন।
এর আগে সরকারি কর্মসূচিতে যাওয়ার পথে রাস্তার পাশে অসহায় অবস্থায় পড়ে থাকা এক নারীকে দেখে গাড়ি থামিয়ে তাঁর খোঁজ নেন ইউএনও। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে তাঁর চিকিৎসার ব্যবস্থা করেন। পরবর্তীতে জানা যায়, ওই নারী অন্তঃসত্ত্বা ছিলেন। তাঁর এই তাৎক্ষণিক মানবিক উদ্যোগও স্থানীয়ভাবে প্রশংসিত হয়। শুধু তাই নয় খাল খনন প্রকল্পের আওতায় দু’টি খাল খনন শেষে অতিরিক্ত অর্থ সরকারী কোষাগারে জমা দিয়েছেন। এ ভালো কাজের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ডেকে কথা শোনেন।
নতুন দায়িত্ব প্রসঙ্গে চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, “বালিয়াকান্দিতে দায়িত্ব পালনকালে আমি সবসময় সাধারণ মানুষের সেবা ও সরকারি দায়িত্বকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছি। মানুষের ভালোবাসা ও সহযোগিতা আমার দায়িত্ব পালনের অনুপ্রেরণা ছিল। নতুন কর্মস্থলেও সততা, নিষ্ঠা ও মানবিকতার সঙ্গে দায়িত্ব পালনের চেষ্টা করব।”
স্থানীয়দের মতে, প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের বিপদে পাশে দাঁড়ানোর কারণে চৌধুরী মুস্তাফিজুর রহমান বালিয়াকান্দিতে একজন জনবান্ধব ও মানবিক কর্মকর্তা হিসেবে আস্থা অর্জন করেছেন। তাঁর পদায়নে নতুন দায়িত্বে যাওয়ার আনন্দের পাশাপাশি একজন মানবিক কর্মকর্তাকে হারানোর আক্ষেপও রয়েছে স্থানীয়দের মধ্যে।
মাদারীপুরে নতুন দায়িত্বে চৌধুরী মুস্তাফিজুর রহমান সততা, নিষ্ঠা, দায়িত্বশীলতা ও মানবিকতার সঙ্গে কাজ করবেন, এমন প্রত্যাশা বালিয়াকান্দির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের। তাঁরা তাঁর নতুন দায়িত্বের সফলতা এবং তাঁর ও তাঁর পরিবারের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন।
মোঃ জাহিদুর রহিম মোল্লা
বালিয়াকান্দি রাজবাড়ী