সাঘাটায় বোনারপাড়ায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ খুন: সালাউদ্দিন আহত
স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় একটি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে বিরোধের জেরে সাইফুল্লাহ (২২) নামের এক ছাত্রশিবির নেতাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। ২১ জুন রোববার দুপুর আড়াইটার দিকে বোনারপাড়া চৌরাস্তা মোড়ে এই নৃশংস হামলার ঘটনা ঘটে। নিহত সাইফুল্লাহ বোনারপাড়া ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি এবং শিমুল তাইড় গ্রামের হাবিবুর রহমানের ছেলে। এ ঘটনায় সালাউদ্দিন নামের আরও এক কর্মী গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২১ জুন রোববার দুপুরে বোনারপাড়া চৌরাস্তা মোড়ে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাবিবুল্লাহর সাথে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচন নিয়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় ইউনিয়ন ছাত্রশিবিরের সভাপতি সাইফুল্লাহ ও সালাউদ্দিন এই ঘটনার প্রতিবাদ জানান। এতে ক্ষিপ্ত হয়ে এক পক্ষের লোকজন ধারালো ছুরি দিয়ে সাইফুল্লাহ ও সালাউদ্দিনকে উপুর্যপুরি ছুরিকাঘাত করে রক্তাক্ত জখম করে।
স্থানীয়রা তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে প্রথমে সাঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে আশঙ্কাজনক অবস্থায় সাইফুল্লাহকে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, গুরুতর আহত সালাউদ্দিনের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে, প্রত্যক্ষদর্শীদের দাবি, বিএনপির যুবদলের রাজনীতির সঙ্গে জড়িত মুকুল ও আশরাফসহ কয়েকজন এ ঘটনায় জড়িত।
সাঘাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছেন এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন।
সাঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুব আলম জানান, হত্যাকাণ্ডের পর থেকে এলাকায় চরম উত্তেজনা ও থমথমে অবস্থা বিরাজ করছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপরাধীদের আটকে পুলিশি অভিযান চলছে।