মহাদেবপুর থানার নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন
মহাদেবপুর থানার নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন
উপলক্ষে ২০ জুন ২০২৬ খ্রিস্টাব্দে মহাদেবপুর থানা প্রাঙ্গণে এক বর্ণাঢ্য কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মোঃ ফজলে হুদা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নওগাঁ জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম মহোদয় । এছাড়াও অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা, মহাদেবপুর থানা কমিউনিটি পুলিশিং এর সভাপতি, সেক্রেটারি, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব, কমিউনিটি পুলিশিং সদস্য, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি মহেোদয় মহাদেবপুর থানার নবনির্মিত ভবনের শুভ উদ্বোধন করেন। উদ্বোধন শেষে তিনি নবনির্মিত ভবনের বিভিন্ন অংশ পরিদর্শন করেন এবং থানার সেবার মান আরও উন্নত করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পরবর্তীতে অনুষ্ঠিত কমিউনিটি পুলিশিং মতবিনিময় সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ প্রতিরোধে জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি মাদক, জঙ্গিবাদ, সাইবার অপরাধ, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক অপরাধ প্রতিরোধে কমিউনিটি পুলিশিংয়ের ভূমিকার প্রশংসা করেন এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে পুলিশের সঙ্গে সমন্বয় করে কাজ করার আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, আধুনিক ও জনবান্ধব পুলিশিং ব্যবস্থার অন্যতম ভিত্তি হলো কমিউনিটি পুলিশিং। জনগণের সহযোগিতা ছাড়া টেকসই আইন-শৃঙ্খলা নিশ্চিত করা সম্ভব নয়। তিনি অপরাধ প্রতিরোধ, সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং নিরাপদ সমাজ গঠনে কমিউনিটি পুলিশিং সদস্যদের আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় মহাদেবপুর থানা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি ও সাধারণ সম্পাদক তাঁদের বক্তব্যে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কমিউনিটি পুলিশিংয়ের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। তাঁরা সামাজিক অপরাধ প্রতিরোধ, বিরোধ নিষ্পত্তি, সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা এবং জনসম্পৃক্ততা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে কমিউনিটি পুলিশিংয়ের অবদানের কথা উল্লেখ করেন।