রূপসায় এমপি আজিজুল বারী হেলাল
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষের কল্যাণ, উন্নয়ন ও আত্মমর্যাদা প্রতিষ্ঠার রাজনীতির পথ দেখিয়েছিলেন
মোঃ সোহেল রানা, ক্রাইম রিপোর্টার, বাংলার সংবাদ।
আসনের সংসদ সদস্য ও বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশের মানুষের কল্যাণ, উন্নয়ন ও আত্মমর্যাদা প্রতিষ্ঠার রাজনীতির পথ দেখিয়েছিলেন। তাঁর আদর্শ ছিল জনগণকে ভালোবাসা, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা এবং তৃণমূল মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করা।
বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সেই আদর্শকে বুকে ধারন করে দেশকে এগিয়ে নিতে নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছেন। বিএনপির প্রতিটি নেতাকর্মীকে সেই আদর্শ বুকে ধারণ করে রাজনীতি করতে হবে। ব্যক্তিগত স্বার্থ নয়, জনগণের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। দলের সুনাম নষ্ট হয়, জনগণের কাছে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় বা দলের নাম ব্যবহার করে কেউ ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করে, এমন কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। যখনই দেখা যাবে কেউ দলের শৃঙ্খলা ভঙ্গ করছে কিংবা দলের মর্যাদাহানিকর কর্মকাণ্ডে জড়িত, তার বিরুদ্ধে সাংগঠনিকভাবে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি বলেন, বিএনপি জনগণের দল। জনগণের সুখ-দুঃখ, আশা-আকাঙ্ক্ষা এবং সমস্যা-সম্ভাবনার সঙ্গে বিএনপির রাজনীতি ওতপ্রোতভাবে জড়িত। তাই নেতাকর্মীদের মানুষের পাশে থেকে কাজ করতে হবে। জনগণের আস্থা অর্জন করতে হলে সেবা ও দায়িত্বশীলতার মাধ্যমে নিজেদের প্রমাণ করতে হবে। রাজনৈতিক প্রতিহিংসা নয়, জনগণের কল্যাণই হতে হবে রাজনীতির মূল লক্ষ্য। বর্তমান প্রজন্মকে মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং ও নানা সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই। একটি সুস্থ, সচেতন ও দেশপ্রেমিক প্রজন্ম গড়ে তুলতে ক্রীড়াচর্চার সুযোগ বৃদ্ধি করতে হবে। এ লক্ষ্যে রূপসা উপজেলার পাঁচটি ইউনিয়নের মধ্যে উপযুক্ত একটি স্থান নির্ধারণ করে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি স্টেডিয়াম নির্মাণ করা হবে। সেখানে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন খেলাধুলার আয়োজন করা যাবে এবং উপজেলার প্রতিভাবান খেলোয়াড়রা নিজেদের মেধা বিকাশের সুযোগ পাবে। তিনি বলেন, যুবকদের সঠিক পথে পরিচালিত করতে হলে তাদের জন্য খেলাধুলা, সংস্কৃতি ও শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে হবে।
তিনি আরও বলেন, জনগণের অর্থে পরিচালিত প্রতিটি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সরকারি বরাদ্দকৃত অর্থের সঠিক ব্যবহার করতে হবে এবং উন্নয়ন কাজে কোনো ধরনের অনিয়ম, দুর্নীতি বা অবহেলা বরদাশত করা হবে না।জনগণের উন্নয়ন প্রকল্প জনগণের কল্যাণে ব্যয় হচ্ছে কি না, সেটি দেখার দায়িত্ব শুধু প্রশাসনের নয়, জনগণেরও। জনগণকে সচেতন হতে হবে এবং তাদের ন্যায্য অধিকার আদায়ে সোচ্চার থাকতে হবে। উন্নয়নের সুফল যাতে প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ধর্মীয় প্রতিষ্ঠান সমাজে নৈতিকতা, মানবিকতা ও সামাজিক সম্প্রীতি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই মসজিদ, মন্দিরসহ সকল উপাসনালয়ের উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে। সৃষ্টিকর্তার উদ্দেশ্যে নির্মিত কোনো স্থাপনায় অবহেলা বা ঘাটতি রাখা উচিত নয়। ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বরং এটি সমাজে নৈতিক ও মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠারও একটি গুরুত্বপূর্ণ মাধ্যম।
এসময় তিনি দুর্জ্জনী মহল পাঞ্জেগানা মসজিদের নতুন ভবন নির্মাণে স্থানীয় মুসল্লি ও এলাকাবাসীর উদ্যোগের প্রশংসা করেন এবং এ কাজে সহযোগিতাকারীদের ধন্যবাদ জানিয়ে বলেন একটি আধুনিক, উন্নত ও মানবিক সমাজ গড়ে তুলতে রাজনৈতিক নেতা, জনপ্রতিনিধি, প্রশাসন, ধর্মীয় নেতা এবং সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও উন্নয়নের মনোভাব নিয়ে এগিয়ে গেলে রূপসা উপজেলাকে একটি আদর্শ উপজেলায় পরিণত করা সম্ভব হবে।
তিনি ১৯ জুন (শুক্রবার) বিকালে রূপসা উপজেলার আইচগাতী ইউনিয়ন বিএনপি আয়োজিত আমতলা হাট এলাকায় দুর্জ্জনী মহল পাঞ্জেগানা মসজিদের স্থান নির্ধারণ, ভিত্তিপ্রস্তর স্থাপন ও দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহবায়ক খান জুলফিকার আলী জুলু, মোল্যা খায়রুল ইসলাম, এনামুল হক সজল, রূপসা উপজেলা বিএনপির সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা স্বেচ্ছাসেবকদলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা বিএনপির সদস্য আনিসুর রহমান বিশ্বাস, মোল্যা রিয়াজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য মল্লিক ইলিয়াজ হোসেন ও অনুষ্ঠান পরিচালনা করেন এ্যাডঃ মঞ্জিল আহম্মেদ।
এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা শেখ মোঃ আবু সাঈদ, শরিফুল ইসলাম বকুল, মহিউদ্দিন মিন্টু, শেখ শফিকুল ইসলাম, মিকাইল বিশ্বাস, আইচগাতী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুম বিল্লাহ,সরদার ফরিদ আহম্মেদ,জেলা স্বেচ্ছাসেবকদলের দপ্তর সম্পাদক রেজাউল ইসলাম রেজা, যুবদল নেতা তানভির আহম্মেদ সুমন,স্বেচ্চাসেবকদল নেতা সরদার শিহাব উদ্দিন, মোঃ রয়েল, হাফিজ শেখ, মিরাজ শেখ, শেখ এসকেন, ইমতিয়াজ আলী সুজন, ওমর ফারুক প্রমূখ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা হামিদুল ইসলাম।