গাবতলীতে মাদক বিক্রির প্রতিবাদ করায় যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি, থানায় অভিযোগ
নিজস্ব প্রতিবেদক, বগুড়া:বগুড়ার গাবতলী উপজেলায় প্রকাশ্যে মাদক বিক্রির প্রতিবাদ করায় এক যুবদল নেতা ও তার পরিবারকে ফোন করে খুন-জখম ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক চিহ্নিত মাদক ডিলারের বিরুদ্ধে। এই ঘটনায় জীবনের নিরাপত্তা চেয়ে গাবতলী মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী যুবদল নেতা।
অভিযোগ সূত্রে জানা যায়, গাবতলী থানার মহিষাবান ইউনিয়নের মড়িয়া (ছয়মাইল) গ্রামের মোঃ আঃ কুদ্দুস সোনার এর ছেলে ও স্থানীয় যুবদল নেতা এস.কে সাদিক খোকন (৩০) গত ১০ জুন ২০২৬ তারিখে স্থানীয় সচেতন লোকজনকে সাথে নিয়ে এলাকার চিহ্নিত মাদক ডিলার মোঃ মাসুদ ওরফে মাদক ডিলার মাসুদ (৪৫)-এর মাদক আস্তানায় যান। সেখানে প্রকাশ্যে দিবালোকে মাদক সেবন ও বিক্রি করতে নিষেধ করলে মাদক ডিলার মাসুদ তাদের ওপর ক্ষিপ্ত হয় এবং বিভিন্ন অশ্লীল আচরণসহ ভয়ভীতি প্রদর্শন করে।
এরই ধারাবাহিকতায়, গত ১১ জুন ২০২৬ তারিখে মাদক ডিলার মাসুদ তার ব্যবহৃত মোবাইল নম্বর (০১৭০৮-৭৬৬৬১৩) থেকে যুবদল নেতা এস কে সাদিক খোকন কে ফোন করে। ফোনে তাকে এলাকা ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেওয়া হয়, অন্যথায় তাকে ও তার পরিবারের সদস্যদের খুন-জখমসহ জান-মালের বড় ধরনের ক্ষতি করা হবে বলে তীব্র হুমকি ধামকি প্রদর্শন করে।
এই ঘটনার পর থেকে ভুক্তভোগী ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। নিরুপায় হয়ে যুবদল নেতা এস.কে সাদিক খোকন গাবতলী মডেল থানায় মাদক ডিলার মাসুদের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে স্থানীয় মোঃ রুবেল ও মোঃ বেলালসহ বেশ কয়েকজন সাক্ষী রয়েছেন।
ভুক্তভোগী যুবদল নেতা প্রশাসনকে দ্রুত এই চিহ্নিত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে তদন্তপূর্বক কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার এবং এলাকায় মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে বাঁচানোর জোর দাবি জানিয়েছেন।