রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
Headline :

Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

গাইবান্ধায় বজ্রপাতের তাণ্ডব: তিন উপজেলায় ৫ জনের মৃত্যু, আহত ১

মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জ, ফুলছড়ি ও সাঘাটা উপজেলায় বজ্রপাতে পাঁচজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) বিকেলে গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সময় হঠাৎ বজ্রপাতের ঘটনায় এ প্রাণহানির ঘটনা ঘটে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। পাশাপাশি একটি গরু ও একটি ঘোড়ার মৃত্যুর খবর পাওয়া গেছে।

নিহতরা হলেন— সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সুজা চৌধুরীর ছেলে ফুয়াদ চৌধুরী (১৪), একই গ্রামের ছোটন মিয়ার ছেলে রাফি মিয়া (১৫) ও নবীর হোসেনের ছেলে মিজান হোসেন (২০)। এছাড়া ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের জামিরা চরের শুক্কুর আলীর ছেলে মানিক হোসেন (২২) এবং সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামের মৃত কছির উদ্দিনের ছেলে নম্বার আলী (৬৫)।

এ ঘটনায় আহত হয়েছেন দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামের আব্দুল হাই মিয়ার ছেলে শামীম (১৮)।

এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার বিকেলে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং বজ্রসহ বৃষ্টি শুরু হয়। এ সময় সুন্দরগঞ্জ উপজেলার দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে থাকা অবস্থায় সরাসরি বজ্রপাতে ফুয়াদ, রাফি ও মিজানের মৃত্যু হয়।

অন্যদিকে, ফুলছড়ি উপজেলার জামিরা চরে বজ্রপাতে যুবক মানিক হোসেন এবং তার সঙ্গে থাকা একটি ঘোড়া ঘটনাস্থলেই মারা যায়। একই সময়ে সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের হেলেঞ্চা গ্রামে বৃষ্টির মধ্যে মাঠ থেকে ছাগল আনতে গিয়ে বজ্রপাতের শিকার হয়ে মারা যান বৃদ্ধ নম্বার আলী। এছাড়া বজ্রাঘাতে একটি গরুও মারা যাওয়ার খবর পাওয়া গেছে।

গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আসিফুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত শামীমকে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।


More News Of This Category