মোঃ আজিজুল ইসলাম হৃদয়
জেলা ব্যুরো চীপ (হবিগঞ্জ )
হবিগঞ্জে ওয়ালটন ফ্রিজ ডিলারদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অতিরিক্ত টাকা আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, ডিলাররা মিথ্যা তথ্য দিয়ে সাধারণ মানুষের কাছে ফ্রিজ বিক্রি করছেন এবং ওয়ারেন্টি ও গ্যারান্টি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করছেন।
ভুক্তভোগীদের দাবি, ফ্রিজ বিক্রির সময় ১২ বছরের ওয়ারেন্টি ও ৫ বছরের গ্যারান্টির কথা বলা হলেও, ফ্রিজে কোনো ত্রুটি দেখা দিলে অভিযোগ করার পর সার্ভিস দিতে এসে অতিরিক্ত টাকা দাবি করা হচ্ছে।
এমনই এক ভুক্তভোগী জানান, ঈদের আগে তার ফ্রিজ নষ্ট হয়ে যায় এবং বারবার যোগাযোগের পর সার্ভিস কর্মী ঘটনাস্থলে আসেন। তিনি জানান, সার্ভিস কর্মী মোঃ মিলন ফ্রিজ পরীক্ষা করে বলেন, ফ্রিজ ঠিক করতে ৯২০ টাকা লাগবে। অন্যথায় কাজ না করেই চলে যাওয়ার কথা জানান, যা ভুক্তভোগীর মতে এক ধরনের চাপ সৃষ্টি বা ব্ল্যাকমেইলের শামিল।
ভুক্তভোগী নিরুপায় হয়ে কাজ করাতে সম্মতি দিলে, ওই মেকানিক ফ্রিজে একটি ছোট যন্ত্রাংশ (রিলে) সংযুক্ত করেন, যার বাজারমূল্য প্রায় ৫০ টাকা বলে দাবি করা হয়েছে। অথচ সার্ভিস বাবদ ৯২০ টাকা নেওয়া হয়।
পরবর্তীতে ভুক্তভোগী ওয়ালটন ডিলার মোঃ মুদারিছ আলী টেনুর সঙ্গে যোগাযোগ করলে, সার্ভিস চার্জ থেকে ৯০ টাকা কমানো হয়। এছাড়া ওয়ালটন দোকানের মোঃ রিপন মিয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, এত টাকা নেওয়ার কোনো যৌক্তিকতা নেই এবং সর্বোচ্চ ৪৫০ টাকা নেওয়া উচিত ছিল। বিষয়টি দেখবেন বলে জানিয়ে তিনি ফোন রাখেন।
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভ বিরাজ করছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।