সাহিত্য বিষয়ক সম্পাদক
দৈনিক বাংলার সংবাদ,
ভণ্ডের মুখোশ
আসাদুজ্জামান খান মুকুল
বেশ্যা মরেছে নরকে চলেছে
দাফনে যেয়ো না কেউ,
ধরণীর বুকে এ অপয়া নারী
তুলেছে কামুক ঢেউ।
পতিতা দাফন করবে যে জন
পাপিষ্ঠ হবে সেই,
গর্হিত এই কর্মের তরে
ক্ষমার সুযোগ নেই।
সাধুর দেশের অধিবাসী মোরা
করিনি এমন পাপ,
অহেতুক কেন অপয়ার তরে
পাবো দোজখের তাপ?
বেশ্যা মরেছে বলেই যে তবে
ধরেছো সাধুর ভান,
জিজ্ঞেসি বলো এ সাধুর দেশে
কে মেরেছে তার মান?
রাতের আঁধারে কামনা মেটাতে
টেনেছো যাহারে বুকে,
মরণের পরে অপয়া তাহারে
বলেছো কোন সে মুখে?
ভেকধারী সেজে করেছো যে পাপ
ভেবেছো কী তার ফল?
পরিণাম এর হবে ভয়াবহ
শোন হে ভণ্ডের দল!