সাঘাটায় সাংবাদিককে হত্যা হুমকির ঘটনায় তদন্তে মিলল সত্যতা
মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার সাঘাটায় করতোয়া প্রতিনিধি জয়নুল আবেদীনকে প্রাণনাশের হুমকি দেওয়ার ঘটনায় কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হাবিবুল্লাহ্র বিরুদ্ধে তদন্ত শেষে তদন্ত প্রতিবেদন পাঠিয়েছে জেলা শিক্ষা কর্মকর্তা। দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির তদন্ত প্রতিবেদনে সাংবাদিকের দায়ের করা অভিযোগের সত্যতা পেয়েছেন জেলা শিক্ষা কর্মকর্তা শ্রী লহ্মণ কুমার দাস। এমনটিই এক চিঠি সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
গত ১৪ জুন জেলা শিক্ষা কর্মকর্তা এ তদন্ত প্রতিবেদনে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণের সুপারিশ জানিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের রংপুর বিভাগীয় উপপরিচালককে একটি চিঠি প্রেরণ করেছেন।
এ বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা শ্রী লহ্মণ কুমার দাস এ প্রতিবেদককে বলেন, দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির দাখিল করা প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়ায় প্রধান শিক্ষক মো. হাবিবুল্লাহ্র বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়েছে।
প্রসঙ্গত, সাংবাদিককে হুমকির ঘটনায় ঐ প্রধান শিক্ষকের বিরুদ্ধে সাঘাটা থানায় একটি জেনারেল ডায়েরী (জিডি) দায়ের করা হয়েছে। এর আগে সোশ্যাল মিডিয়ায় হুমকির একটি অডিও ক্লিপ ভাইরাল হলে স্থানীয় সাংবাদিক মহল সহ বিভিন্ন সচেতন মহল বিষয়টি নিয়ে প্রতিবাদ জানায়।