শিবির নেতা হত্যা: আগুনে পুড়ে যাওয়া নিরীহ প্রতিবেশীর বাড়ি পরিদর্শনে জামায়াত নেতৃবৃন্দ
স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়ায় শিবির নেতা সাইফুল্লাহ বারী খুনের ঘটনার জেরে বিক্ষুব্ধ জনতার দেওয়া আগুনে ক্ষতিগ্রস্ত এক নিরীহ প্রতিবেশীর বসতবাড়ি পরিদর্শন করেছেন সাঘাটা উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। এ সময় তারা ক্ষতিগ্রস্ত পরিবারের খোঁজখবর নেন এবং তাদের প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
জানা যায়, গত রোববার (২১ জুন) শিবির নেতা সাইফুল্লাহ বারী হত্যাকাণ্ডের পর ওইদিন সন্ধ্যায় এলাকার বিক্ষুব্ধ সাধারণ জনতা বোনারপাড়া ইউনিয়নের বাটি গ্রামে অবস্থিত ওই হত্যা মামলার অভিযুক্ত মুকুল ও পলাশদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। স্থানীয়রা নিশ্চিত করেছেন যে, এই অগ্নিসংযোগের সাথে নিহতের স্বজনদের কোনো সম্পৃক্ততা ছিল না। বরং এই উত্তেজনাকর পরিস্থিতির সুযোগ নিয়ে একটি বিশেষ গোষ্ঠী ঘোলা পানিতে মাছ শিকার করে নিজেদের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করেছে। এ সময় আগুন ভয়াবহ রূপ নিয়ে ছড়িয়ে পড়ে পাশের এক নিরীহ সাধারণ প্রতিবেশীর বাড়িতেও। এতে বিনা অপরাধে ওই প্রতিবেশীর বাড়িটি ব্যাপকভাবে পুড়ে ক্ষতিগ্রস্ত হয়। পরে সাঘাটা ফায়ার সার্ভিসের ২২ সদস্যের একটি টিম প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিসংযোগের এই ঘটনার পর আজ সাঘাটা উপজেলা জামায়াতের আমির মাওলানা ইব্রাহিম হোসাইন ও সেক্রেটারি মোঃ আব্দুল গফুর দলীয় নেতাকর্মীদের নিয়ে ক্ষতিগ্রস্ত ওই নিরীহ প্রতিবেশীর ভস্মীভূত বাড়িটি পরিদর্শনে যান। তারা আগুনে পুড়ে যাওয়া ঘরবাড়ি ঘুরে দেখেন এবং বিনা দোষে ক্ষতির শিকার হওয়া পরিবারটির সদস্যদের সান্ত্বনা দেন।
পরিদর্শনকালে উপজেলা আমির মাওলানা ইব্রাহিম হোসাইন স্পষ্টভাবে জানান, অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের এই ঘটনার সাথে নিহতের স্বজন কিংবা বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কোনো নেতাকর্মী জড়িত নয়। তিনি বলেন, “বিক্ষুব্ধ সাধারণ জনতা এই ঘটনা ঘটিয়েছে এবং এই ফাঁকে কিছু স্বার্থান্বেষী মহল নিজেদের ব্যক্তিগত স্বার্থ হাসিল করেছে, যার বলি হতে হলো একজন নিরীহ প্রতিবেশীকে।”
তিনি সম্প্রীতি ও শৃঙ্খলার বার্তা দিয়ে আরও বলেন, প্রকৃত অপরাধীদের বিচার দেশের প্রচলিত আইন অনুযায়ী হবে, কিন্তু কোনো নিরীহ পরিবার বা প্রতিবেশী যেন অবিচার বা ক্ষতির শিকার না হয় সেদিকে আমাদের সবাইকে খেয়াল রাখতে হবে। মানবিক দিক বিবেচনা করে তিনি ক্ষতিগ্রস্ত ওই নিরীহ পরিবারটিকে দলটির পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।