শিবির নেতা সাইফুল্লাহ হত্যা: খুনি মুকুল ও পলাশসহ সকল আসামির ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন
মোঃ মেহেদী হাসান স্টাফ রিপোর্টারঃ
গাইবান্ধার সাঘাটা উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শহীদ সাইফুল্লাহ বারীকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে এবং প্রধান অভিযুক্ত যুবদলের আহ্বায়ক সন্ত্রাসী মুকুল ও তার ভাই ‘চাকু পলাশ’সহ সকল আসামির দ্রুত গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেল সাড়ে ৪টায় সাঘাটা উপজেলার বোনারপাড়ায় নিহতের পরিবার ও এলাকাবাসীর যৌথ উদ্যোগে এই প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। শুরুতে বোনারপাড়া উপজেলা মসজিদের সামনে থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করেন বিক্ষুব্ধ জনতা। মিছিলটি বোনারপাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চারমাথা স্পটে (ঘটনাস্থলে) এসে এক বিশাল মানববন্ধনে মিলিত হয়।
মানববন্ধনে শহীদ সাইফুল্লাহর শোকাহত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন এবং এলাকার সর্বস্তরের বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। চারমাথা স্পটে অনুষ্ঠিত এই কর্মসূচিতে উপস্থিত বক্তারা অত্যন্ত জোরালো বক্তব্য রাখেন। তারা তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রকাশ্য দিবালোকে একজন নিরীহ ও মেধাবী ছাত্রনেতাকে যেভাবে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে, তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বক্তারা অবিলম্বে প্রধান ঘাতক সন্ত্রাসী মুকুল এবং তার ভাই চাকু পলাশসহ জড়িত সকল আসামিকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি ফাঁসির জোর দাবি জানান।
এ সময় প্রশাসনকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বক্তারা বলেন, অবিলম্বে এই জঘন্য হত্যা মামলার সকল পলাতক আসামিকে গ্রেপ্তার করা না হলে নিহতের পরিবার ও এলাকাবাসী আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে। সাইফুল্লাহর রক্ত কোনোভাবেই বৃথা যেতে দেওয়া হবে না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তারা।
উল্লেখ্য, গত রোববার (২১ জুন) বিকেল পৌনে ৩টার দিকে বোনারপাড়া চারমাথা এলাকায় সাইফুল্লাহ বারীকে প্রকাশ্যে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। এই ঘটনায় সাঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হলেও মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে থাকায় দ্রুত বিচার ও গ্রেপ্তারের দাবিতে আজ রাস্তায় নেমেছেন সাধারণ মানুষ।