আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার, বাংলার সংবাদ।
দিনাজপুরের বোচাগঞ্জে লিচু দেওয়ার প্রলোভন দেখিয়ে ৯ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় রহিম ঋষি (৩৫) নামে এক যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
আজ রবিবার (৩১ মে) সকালে উপজেলার ছোট মালগাঁও এলাকায় এই ঘটনা ঘটে।
আটক রহিম ঋষি পার্বতীপুর উপজেলার মহতপুর গ্রামের মন্টু ঋষির ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বোচাগঞ্জ উপজেলার মালগাঁও গ্রামে জনি মাস্টার নামের এক ব্যক্তি একটি লিচুর বাগান লিজ নেন। আটক রহিম ঋষি ওই বাগানের পাহারাদার হিসেবে কর্মরত ছিলেন। সকালে শিশুটি লিচু বাগানের পাশে আম কুড়াতে গেলে রহিম তাকে লিচু দেওয়ার কথা বলে বাগানের ভেতর ডেকে নেন এবং এক থোকা লিচু দেন। পরে কৌশলে শিশুটিকে পাশের একটি ভুট্টাখেতে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান তিনি। এ সময় শিশুটির চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে এবং অভিযুক্ত রহিমকে হাতেনাতে আটক করে।
বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “জনি মাস্টারের বাগানের এক পাহারাদার কর্তৃক শিশুকে ধর্ষণচেষ্টার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি মোবাইল টিম ঘটনাস্থলে পাঠানো হয়। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করে থানায় নিয়ে এসেছে।”
তিনি আরও জানান, এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে থানায় একটি এজাহার দায়ের করেছেন। মামলার আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। মামলা নথিভুক্ত হওয়ার পর আসামিকে আদালতে প্রেরণ করা হবে।