*লালমাইয়ে মারধর ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা, আসামি ৩ জন*
*কুমিল্লা প্রতিনিধি*
কুমিল্লার লালমাই উপজেলার কনকদী গ্রামে মারধর, ছিনতাই ও হত্যাচেষ্টার অভিযোগে ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে।
মামলার বাদী কনকদী গ্রামের মৃত নুর মিয়ার ছেলে মাজুল মিয়া। তিনি বাদী হয়ে লালমাই থানায় মামলাটি দায়ের করেন। থানা সূত্রে জানা যায়, গত ২৭ জুন ২০২৬ বিকাল অনুমান ৫টার দিকে কনকদী গ্রামের শিলপাড়ায় একটি পুকুরের দক্ষিণ পাড়ে ইটচর সড়কের উপর এই ঘটনা ঘটে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, একই গ্রামের আব্দুল মালেকের ছেলে কামরুল হাসান তিতু (৩০), আক্তার আহমেদ সিদ্দিকীর ছেলে আনোয়ার হোসেন সুমন (৩৫) এবং সাহেব আলীর ছেলে হারিছ মিয়া প্র. একরু (৪০) দেশীয় অস্ত্র দিয়ে বাদীকে এলোপাতাড়ি মারধর করে। এসময় তার সাথে থাকা মালামাল ছিনিয়ে নেয় এবং প্রাণনাশের হুমকি দেয়।
এ ঘটনায় বাদী বরাবর ২৮ জুন ২০২৬ তারিখ দুপুর ২টায় লালমাই থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ তা মামলা হিসেবে রেকর্ড করে। মামলা নম্বর ১০।
মামলায় দণ্ডবিধির ৩২৩/৩২৬/৩০৭/৩৭৯/৪২৭/৫০৬/৩৪ ধারায় অভিযোগ আনা হয়েছে। অভিযোগের মধ্যে রয়েছে জখম, গুরুতর জখম, হত্যাচেষ্টা, চুরি, অনিষ্ট সাধন ও ভয়ভীতি প্রদর্শন।
লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, অভিযোগের ভিত্তিতে মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।