রংপুরে ৪৮ ঘণ্টায় ৩ বাসে আগুন: নিরাপত্তাহীনতায় ধর্মঘটের হুঁশিয়ারি পরিবহন মালিকদের।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২
রংপুর মহানগরীতে টানা দুই দিনে পার্কিং অবস্থায় থাকা তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। সর্বশেষ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোরে নগরীর মা ও শিশু হাসপাতালের সামনের একটি গ্যারেজে দাঁড়িয়ে থাকা ‘শাপলা পরিবহন’-এর একটি বাস আগুনে ভস্মীভূত হয়। একই এলাকার ৫০০ গজের মধ্যে পরপর এমন ঘটনায় পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। নিরাপত্তা নিশ্চিত করা না হলে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মালিক সমিতি।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত ৩টা ৫ মিনিটের দিকে সাজু মিয়ার গ্যারেজে রাখা রংপুর-জলঢাকা রুটের বাসটিতে আগুন লাগে। গ্যারেজের নৈশপ্রহরী সিরাজুল ইসলাম জানান, সাদা শার্ট পরা এবং মুখোশধারী তিন তরুণকে বাসটির দিকে হেঁটে যেতে দেখেন তিনি। মুহূর্তের মধ্যেই বাসের সামনের অংশে আগুন জ্বলে ওঠে এবং ওই তরুণরা দ্রুত স্থান ত্যাগ করে। রাত ৩টা ৮ মিনিটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে পুরো বাসটি পুড়ে ছাই হয়ে যায়।
পুড়ে যাওয়া বাসটির মালিক নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার গাড়াগ্রাম ইউনিয়ন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিঠু মিয়া। জীবিকার একমাত্র সম্বল হারিয়ে তিনি বলেন, “গানপাউডার জাতীয় দাহ্য পদার্থ ছিটিয়ে পরিকল্পিতভাবে আমার গাড়িটি জ্বালিয়ে দেওয়া হয়েছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা এই নাশকতা ঘটিয়েছে। আমি এখন পুরোপুরি নিঃস্ব।”
পরপর একই কায়দায় তিনটি বাস পুড়ে যাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দা আরিফুর জামান বাবু ও সাবেক ইউপি সদস্য চান্দু মিয়া। তাদের মতে, বিশেষ কোনো রাসায়নিক বা দাহ্য পদার্থ ব্যবহার করে পরিকল্পিতভাবে দেশের সম্পদ নষ্ট করা হচ্ছে। এতে সাধারণ পরিবহন শ্রমিকদের রুটি-রুজিতে টান পড়ছে। তারা দ্রুত প্রশাসনের কঠোর হস্তক্ষেপ কামনা করেন।
টানা দুই দিনে সংগঠনের দুটি বাস পুড়ে যাওয়ায় কঠোর অবস্থানের ইঙ্গিত দিয়েছেন নীলফামারী বাস, মিনিবাস ও কোচ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান মিল্টন। তিনি বলেন, “আগের দিন মালেকের গ্যারেজে আমাদের সংগঠনের একটি বাস পোড়ানো হলো, আজ আবার আরেকটি। স্বল্প পুঁজি নিয়ে এত বড় ঝুঁকি মাথায় রেখে পরিবহন চালানো অসম্ভব। দ্রুত নিরাপত্তা জোরদার না করা হলে আমরা গাড়ি চলাচল বন্ধ করে দিতে বাধ্য হবো।”
খোঁজ নিয়ে জানা গেছে, এর আগে বুধবার (১৮ নভেম্বর) ভোররাত ও বিকেলে একই এলাকার ৫০০ গজের মধ্যে আরও দুটি বাসে আগুন দেওয়া হয়। এর মধ্যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক ক্যাম্পাস সংলগ্ন মালেকের গ্যারেজে থাকা ‘হৃদয়-তাহসিন পরিবহন’-এর মালিক রংপুর মহানগর যুবদলের ৩১ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল কাইয়ুম রিন্টু হৃদয়। অপরদিকে, পর্যটন মোটেলের সামনে পার্কিং করা ‘লুমিনাস ক্যাডেট কোচিং’-এর একটি শিক্ষার্থী পরিবহন বাসেও আগুন দেওয়া হয়, যার মালিক জুলাই আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন।
এদিকে, বুধবারের দুটি অগ্নিকাণ্ডের মধ্যে একটি ঘটনায় পুলিশ মামলা গ্রহণ করলেও অন্যটিতে মামলা নেয়নি বলে ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিযোগ উঠেছে।
রংপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আনোয়ারুল হক জানান, সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই তাদের ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।
রংপুর মহানগর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াদুদ আলম বলেন, “প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে। বাসে আগুন লাগাতে কোনো রাসায়নিক বা কেমিক্যাল ব্যবহার করা হয়েছে কি না, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে।”