মোঃ দুলাল সরকার গজারিয়ায় প্রতিনিধি
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের কালিপুরা এনএস কান্দি গ্রামের আহাম্মদ সরকারের ছেলে মো. সজীব এখন রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। বিষধর সাপ দংশনের পর দ্রুত অ্যান্টিভেনম প্রদান করা হলেও তার শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি ঘটেছে।
ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, বাড়ির আঙিনায় একটি বড়ই গাছতলায় অবস্থানকালে সজীবকে একটি বিষধর সাপ দংশন করে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা ও অ্যান্টিভেনম প্রদান করা হয়। তবে শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হতে থাকলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
বর্তমানে সজীবের অবস্থার আরও অবনতি হওয়ায় তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। সেখানে তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।