কুড়িগ্রামে রেললাইনের ওপর বালুভর্তি ট্রাক উল্টে ট্রেন চলাচল বিপর্যস্ত, ভোগান্তিতে যাত্রীরা
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২
১৮ জুন, ২০২৬
কুড়িগ্রামের রাজারহাট-তিস্তা সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুভর্তি ট্রাক রেললাইনের ওপর উল্টে পড়েছে। এর ফলে কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে। আকস্মিক এই দুর্ঘটনার কারণে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনের ঢাকাগামী যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।
আজ বৃহস্পতিবার (১৮ জুন) সকালে রাজারহাট উপজেলার ‘সুধী কানন’ পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি রেললাইনের ওপর উল্টে যায়। এতে লাইনের ওপর বিপুল পরিমাণ বালু ও ট্রাকটি আটকে থাকায় কুড়িগ্রাম রুটে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে পড়ে। এই পরিস্থিতির কারণে ঢাকা থেকে ছেড়ে আসা আন্তঃনগর ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনটি কুড়িগ্রাম স্টেশনে পৌঁছাতে না পেরে পার্শ্ববর্তী কাউনিয়া রেলওয়ে স্টেশনে অবস্থান করছে।
এদিকে রেলযোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার পাশাপাশি দুর্ঘটনাকবলিত এলাকার সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ফলে ঢাকাগামী ট্রেনযাত্রীসহ সাধারণ মানুষ বাস, সিএনজি ও অটোরিকশার মতো বিকল্প যানবাহনে যাতায়াত করতে গিয়েও চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
ইয়াসিন আলী নামের ঢাকাগামী এক ভুক্তভোগী যাত্রী জানান, “যথাসময়ে কুড়িগ্রাম স্টেশনে এসে জানতে পারি কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি আজ এখানে আসবে না। বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া ও ভোগান্তি মাথায় নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় কাউনিয়া স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি।”
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোহাম্মদ তসলিম আহমেদ খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “বালুভর্তি একটি ট্রাক রেললাইনের ওপর উল্টে পড়ায় লাইনটি পুরোপুরি ব্লক হয়ে গেছে। লাইনটি সচল করতে দুর্ঘটনাকবলিত ট্রাক ও বালু সরানোর কাজ দ্রুততার সঙ্গে চলমান রয়েছে। তবে কখন নাগাদ ট্রেন চলাচল পুরোপুরি স্বাভাবিক হবে, তা এই মুহূর্তে সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তবে যাত্রীদের সুবিধার্থে বিকল্প উপায়ে তিস্তা স্টেশন থেকে ‘কুড়িগ্রাম এক্সপ্রেস’ ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।”