ডিসেম্বরে নাশকতার শঙ্কা, হিলি সীমান্তে সতর্ক অবস্থান বিজিবির।
আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার
০১৭১৭৭৭৬৯৭২
আসন্ন ডিসেম্বর মাসকে সামনে রেখে যেকোনো ধরনের অপতৎপরতা, গুজব ও নাশকতা ঠেকাতে সীমান্তজুড়ে কড়া অবস্থান নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ওই এলাকার সার্বিক নিরাপত্তা খতিয়ে দেখতে এবং প্রতিরোধমূলক ব্যবস্থা আরও শক্তিশালী করতে দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা সরেজমিনে পরিদর্শন করেছেন বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।
আজ শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে হিলি সীমান্ত ঘুরে দেখার পর চেকপোস্ট এলাকায় গণমাধ্যমকর্মীদের সামনে এসব বিষয়ে কথা বলেন তিনি।
পরিদর্শনকালে সেক্টর কমান্ডার জানান, সামনে ডিসেম্বর মাসকে ঘিরে একটি চক্র বিশৃঙ্খলা ও নাশকতা তৈরির লক্ষ্যে নানা অপপ্রচার ও গুজব ছড়াচ্ছে। যদিও এ পর্যন্ত এসব গুজবের কোনো দৃশ্যমান প্রভাব পড়েনি বা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। তবুও সীমান্তের স্থিতিশীলতা রক্ষা ও রাষ্ট্রীয় সার্বভৌমত্ব অটুট রাখতে বিজিবি সবসময় তৎপর রয়েছে।
কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান আরও উল্লেখ করেন, বিজয়ের মাস ডিসেম্বরে কেউ যাতে কোনোভাবেই আইনশৃঙ্খলা বিঘ্নিত করতে বা নাশকতা চালাতে না পারে, সে লক্ষ্যে সীমান্তের প্রতিরক্ষা ও নজরদারি ব্যবস্থা আরও সুসংহত করা হয়েছে।
নজরদারি ও নিরাপত্তা জোরদার করার পদক্ষেপ হিসেবে সীমান্ত এলাকায় থার্মাল ইমেজিং ডিভাইস বসানো, ডগ স্কোয়াড মোতায়েন এবং আধুনিক প্রযুক্তির প্রয়োগ বাড়ানো হয়েছে। এর পাশাপাশি আকাশপথে ড্রোন ব্যবহার করেও সীমান্তের গতিবিধি তদারকি করা হচ্ছে।
সবশেষে তিনি বলেন, সীমান্ত এলাকায় নির্বিঘ্ন পরিবেশ ও শৃঙ্খলা ধরে রাখতে এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি কার্যকরভাবে সামাল দিতে বিজিবির সদস্যরা সর্বোচ্চ পেশাদারত্ব ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছেন।