মধ্যনগরে নতুন ইউএনও হিসেবে মো. শফিকুল ইসলামের পদায়ন ও যোগদান
মো. হৃদয় খান জয়,
বিশেষ প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার নতুন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা মো. শফিকুল ইসলাম (পরিচিতি নম্বর ১৯০৩৩) যোগদান করেছেন।
নবযোগদানকৃত এই উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন সুনামগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মিনহাজুর রহমান।
এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সংস্থাপন শাখা থেকে সিনিয়র সহকারী কমিশনার ফাতেমা-তুজ-জোহরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে মধ্যনগরে পদায়নের আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে জানানো হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার ১৯ নভেম্বরের এক আদেশে মো. শফিকুল ইসলামকে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে পদায়নের জন্য সিলেট বিভাগে ন্যস্ত করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় তাঁকে মধ্যনগর উপজেলার ইউএনও হিসেবে পদায়ন করা হয় এবং ২৪ নভেম্বর অপরাহ্ণে সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে তাঁকে অবমুক্ত করা হয়।
আদেশে আরও উল্লেখ করা হয়, পদায়নকৃত কর্মকর্তা নিজ অধিক্ষেত্রে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালনের পাশাপাশি ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮-এর ১৪৪ ধারার ক্ষমতা প্রয়োগ করবেন। এছাড়া সরকারি দাবি আদায় আইন ১৯১৩-এর ৩(৩) ধারামতে তাঁকে নিজ অধিক্ষেত্রে সার্টিফিকেট অফিসার হিসেবে নিয়োগের জন্য জেলা প্রশাসককে (কালেক্টর) অনুমতি প্রদান করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
উল্লেখ্য, দীর্ঘ প্রায় আট মাস পদটি শূন্য থাকার পর মধ্যনগরে পূর্ণকালীন ইউএনও পদায়ন ও যোগদানে হাওরাঞ্চলের সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে এবং প্রশাসনিক কার্যক্রমে নতুন গতি আসবে বলে আশা করছেন স্থানীয়রা।