সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন
Headline :
মোবাইলে ভিডিও করে ফেসবুকে ছাড়ার নামই সাংবাদিকতা নয়* ময়মনসিংহে সিপিএসসি, এসআরবি-১৪, এর বিশেষ অভিযান: ১৩ বোতল বিদেশি মদসহ আটক ০২ প্রবাসীর স্ত্রীর বিরুদ্ধে অর্থ ও স্বর্ণালংকার আত্মসাতের অভিযোগ তদন্তে,মানবাধিকার সংগঠন পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৬ হাজার ৪০০ পিস ভারতীয় নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জয়পুহাটে লোকসানের ক্ষত বুকে নিয়েই নতুন স্বপ্নে আলু চাষে ব্যস্ত কৃষকরা লালমনিরহাটে ১২ লাখ টাকা সরকারি পাওনা আদায়ে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা গাইবান্ধায় দেড় কোটি টাকা পাওনা রেখে ইটভাটার মালামাল বিক্রির অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি মধুপুরের বিভিন্ন সরকারি দপ্তর, শিক্ষাপ্রতিষ্ঠান ও থানা পরিদর্শন করলেন জেলা প্রশাসক আবু সাঈদ এরেন্ডাবাড়িতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ, বিপাকে দরিদ্র মানুষ নাগেশ্বরীতে ফ্যামিলি কার্ড প্রদানের শুভ উদ্বোধন

জয়পুহাটে লোকসানের ক্ষত বুকে নিয়েই নতুন স্বপ্নে আলু চাষে ব্যস্ত কৃষকরা

Update : সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬

জয়পুহাটে লোকসানের ক্ষত বুকে নিয়েই নতুন স্বপ্নে আলু চাষে ব্যস্ত কৃষকরা

মোঃ আমজাদ হোসেন, স্টাফ রিপোর্টার

উত্তরবঙ্গের রাজশাহী বিভাগের সীমান্তবর্তী জেলা জয়পুরহাট। দেশের অন্যতম আলু উৎপাদনকারী জেলা হিসেবে পরিচিত এ জেলায় প্রতিবছরই ব্যাপক পরিমাণে আলুর আবাদ হয়। আলু চাষকে ঘিরেই জেলার হাজারো কৃষকের জীবিকা ও পরিবারের অর্থনৈতিক স্বচ্ছলতা নির্ভর করে। তবে গত মৌসুমে আলু চাষ করে উৎপাদন খরচ তুলতে না পেরে বড় ধরনের লোকসানের মুখে পড়েন অনেক কৃষক। সেই ক্ষতির বোঝা এখনো বয়ে বেড়াচ্ছেন তারা। এর মধ্যেই নতুন মৌসুমে আবারও স্বপ্ন নিয়ে আলু চাষে ব্যস্ত হয়ে পড়েছেন চাষিরা।
গত মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ, উৎপাদন খরচ বৃদ্ধি এবং বাজারে আলুর দাম কম থাকায় প্রত্যাশিত লাভের মুখ দেখেননি কৃষকরা। কোথাও জমিতে পানি জমে নষ্ট হয়েছে আলু, আবার কোথাও উৎপাদিত আলু বিক্রি করতে হয়েছে কম দামে। লোকসান এড়াতে অনেকে হিমাগারে আলু সংরক্ষণ করেও শেষ পর্যন্ত লাভবান হতে পারেননি।
এমন পরিস্থিতির মধ্যেই শুরু হয়েছে নতুন মৌসুমের আগাম আলু চাষ। ইতোমধ্যে জেলার বিভিন্ন এলাকায় জমিতে আলুর বীজ রোপণের কাজ প্রায় শেষের দিকে। গত বছরের লোকসান ভুলে আবারও লাভের আশায় মাঠে নেমেছেন কৃষকরা। কেউ ধারদেনা করে, কেউ ঋণ নিয়ে, আবার কেউ নিজের শেষ সম্বলটুকু বিনিয়োগ করে নতুন করে স্বপ্ন বুনছেন।
তবে নতুন মৌসুমেও কৃষকদের মনে রয়েছে নানা শঙ্কা। সার, বীজ, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরিসহ প্রায় সব ক্ষেত্রেই বেড়েছে উৎপাদন খরচ। এর মধ্যে আবারও যদি আলুর বাজারদর কমে যায় কিংবা প্রাকৃতিক দুর্যোগে ফসলের ক্ষতি হয়, তাহলে কৃষকদের পক্ষে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে পড়বে।
কৃষক মোঃ আজিম উদ্দীন বলেন, গত বছর চার বিঘা জমিতে আলু চাষ করেছিলাম, এবারও একই পরিমাণ জমিতে আলু লাগাচ্ছি। গত মৌসুমে আলুর ন্যায্যমূল্য পাইনি। এবার ধারদেনা ও ঋণ করে চাষ শুরু করেছি। সরকার যদি আমাদের দিকে সুদৃষ্টি দেয় এবং আলুর ন্যায্যমূল্য নিশ্চিত করে, তাহলে কিছুটা লাভের মুখ দেখতে পারব।
অন্যান্য কৃষকরাও জানান, গত বছরের লোকসানের ক্ষতি এখনো কাটিয়ে উঠতে পারেননি তারা। নতুন মৌসুমে আবারও লোকসান হলে আলু চাষ চালিয়ে যাওয়াই তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তাই আলুর উৎপাদন বাড়ানোর পাশাপাশি কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে হিমাগারে সংরক্ষিত আলু বিক্রির উপযুক্ত বাজার তৈরি, সংরক্ষণ খরচ নিয়ন্ত্রণ এবং বাজার ব্যবস্থাপনায় কার্যকর নজরদারির প্রয়োজন বলে মনে করছেন কৃষকরা।
এদিকে গত বছরের তুলনায় চলতি মৌসুমে সার নিয়ে কৃষকদের অভিযোগও তুলনামূলক কম। সার ডিলাররা বলছেন, এ বছর পর্যাপ্ত সার মজুদ রয়েছে। ফলে সার নিয়ে কোনো ধরনের সংকট হওয়ার আশঙ্কা নেই।
এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জয়পুরহাটের উপপরিচালক মোঃ মনজু আলম সরকার বলেন, গত মৌসুমে জেলায় আলু চাষের লক্ষ্যমাত্রা ছিল ৩৯ হাজার ৩৩০ হেক্টর জমিতে। তবে চলতি মৌসুমে লক্ষ্যমাত্রা কমিয়ে ৩৮ হাজার ৫০০ হেক্টর নির্ধারণ করা হয়েছে। এর অন্যতম কারণ, আলুর বাজারদর নিম্নমুখী এবং হিমাগারগুলোতে এখনো পর্যাপ্ত পরিমাণ আলু সংরক্ষিত রয়েছে। চলতি মৌসুমে ইতোমধ্যে ১ হাজার ৭৫২ হেক্টর জমিতে আগাম আলুর বীজ রোপণ করা হয়েছে। এ বছর জেলায় সারের পর্যাপ্ত মজুদ রয়েছে। গত বছরের তুলনায় এবার তিন গুণ বেশি সার মজুদ আছে বলেও জানান তিনি।
সব মিলিয়ে গত বছরের লোকসানের ক্ষত বুকে নিয়েই নতুন মৌসুমে আবারও স্বপ্ন বুনছেন জয়পুরহাটের আলুচাষিরা। তাদের প্রত্যাশা, এবার উৎপাদিত আলুর ন্যায্যমূল্য নিশ্চিত হবে এবং লোকসান কাটিয়ে ঘুরে দাঁড়ানোর সুযোগ পাবেন তারা। কারণ, নতুন মৌসুমেও যদি লোকসানের মুখে পড়তে হয়, তাহলে অনেক কৃষকের জন্য আলু চাষ ধরে রাখাই কঠিন হয়ে পড়বে।


More News Of This Category