লালমনিরহাটে ১২ লাখ টাকা সরকারি পাওনা আদায়ে সাবেক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
সরকারি পাওনা আদায়ে সার্টিফিকেট মামলা, গ্রেফতারের নির্দেশ সদর থানার ওসিকে।
লালমনিরহাট জেলা প্রতিনিধি: রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪
লালমনিরহাটে ১২ লাখ টাকা সরকারি পাওনা আদায়ের দাবিতে রফিকুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তিনি হারাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ রয়েছে। জেনারেল সার্টিফিকেট অফিসার, লালমনিরহাটের কার্যালয় থেকে এ পরোয়ানা জারি করা হয়।
প্রাপ্ত গ্রেফতারি পরোয়ানার কাগজপত্র অনুযায়ী, সার্টিফিকেট মামলা নম্বর ৩৯/২৫-এর আওতায় রফিকুল ইসলামের বিরুদ্ধে এ আদেশ দেওয়া হয়েছে। মামলায় মূল দাবির পরিমাণ ১২ লাখ টাকা উল্লেখ করা হয়েছে। বঙ্গীয় সরকারি দাবি আদায় আইন, ১৯১৩-এর ২৯ ধারার বিধান উল্লেখ করে পরোয়ানাটি জারি করা হয়।
পরোয়ানায় লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশ সুপার, লালমনিরহাটের মাধ্যমে পরোয়ানা কার্যকরের বিষয়টিও উল্লেখ রয়েছে।
এদিকে মামলার বাদী নবিয়ার রহমান দাবি করেন, সরকারি পাওনা আদায়ের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতারে সহযোগিতা করা প্রয়োজন। রফিকুল ইসলামকে ধরিয়ে দিতে সহযোগিতা করতে পারলে পুরস্কার দেওয়া হবে বলেও তিনি জানান।
এ বিষয়ে সংশ্লিষ্ট সার্টিফিকেট অফিস ও পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, রফিকুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। তাঁকে পাওয়া গেলে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে আদালতে সোপর্দ করা হবে।
তবে এ বিষয়ে রফিকুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। তাঁর বক্তব্য পাওয়া গেলে তা-ও প্রকাশ করা হবে।