গাজীপুরে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’ অনুষ্ঠিত
এ আর আল মামুন ঃ স্টাফ রিপোর্টার
মাদকমুক্ত সমাজ ও কিশোর গ্যাং প্রতিরোধে খেলাধুলার ওপর গুরুত্বারোপ ও “মাদকদ্রব্য ত্যাগ করি, কিশোর গ্যাং নির্মূল করি, সুস্থ-সবল জীবন গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে গাজীপুর জেলা পুলিশের আয়োজনে ‘১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এর ফাইনাল খেলা, সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুর ৩টায় শহীদ বরকত স্টেডিয়াম প্রাঙ্গণে উৎসবমুখর ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পরিবেশে এ কাবাডি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
অনুষ্ঠানে পুলিশ সুপার তাঁর বক্তব্যে যুবসমাজকে খেলাধুলার প্রতি উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠন এবং কিশোর গ্যাং প্রতিরোধে খেলাধুলার ভূমিকা অপরিসীম। এ ধরনের আয়োজন তরুণ প্রজন্মকে সুস্থ ও ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি আরও জানান, ভবিষ্যতেও বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন করা হবে।
প্রতিযোগিতার ফাইনালে গাজীপুর জেলার বিভিন্ন থানার দল অংশগ্রহণ করে। চূড়ান্ত পর্বের শ্বাসরুদ্ধকর ম্যাচে পুরুষ বিভাগে কাপাসিয়া থানা দলকে হারিয়ে কালিয়াকৈর থানা দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলা শেষে প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিরা বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মধ্যে ট্রফি ও পুরস্কার বিতরণ করেন।
সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা, কমিউনিটি পুলিশের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।