লালমনিরহাটে অননুমোদিত দই বিক্রির দায়ে ৩ হাজার টাকা জরিমানা
লালমনিরহাট জেলা সংবাদদাতা মোঃসেলিম মিয়া :
লালমনিরহাট শহরের জেলখানা রোডে অননুমোদিত ও ত্রুটিপূর্ণ দই উৎপাদন ও বাজারজাত করার দায়ে ‘সুনীল মিষ্টি ভান্ডার’কে ৩ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
শনিবার (১৫ আগস্ট) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশিদের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটিতে উপযুক্ত মাননিয়ন্ত্রণ ও অনুমোদন ছাড়া দই উৎপাদন ও বাজারজাতের প্রমাণ পাওয়া যায়।
এ সময় উৎপাদিত দইয়ে মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকা এবং প্রতি কেজি দইয়ে নির্ধারিত ওজনের চেয়ে ৩০ গ্রাম কম দেওয়ার বিষয়টিও ধরা পড়ে।
এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং তা আদায় করা হয়েছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।