স্টাফ রিপোর্টার ঢাকা প্রতিনিধি আরমান খান অপু:
থার্ড টার্মিনালসহ দেশের ৬টি বিমানবন্দরের উন্নয়ন প্রকল্পে হাজার হাজার কোটি টাকা লুটপাট ও অর্থপাচারের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে দুর্নীতি বিরোধী জাতীয় সমম্বয় কমিটি।
এ লক্ষ্যে কমিটির সাধারণ সম্পাদক ও মুখপাত্র সারোয়ার ওয়াদুদ চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধিদল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার সঙ্গে তাঁর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অংশ নেয়।
সভায় সারোয়ার ওয়াদুদ চৌধুরী অভিযোগ করেন, দুদকের মামলার আসামিসহ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের সদস্য (অর্থ) এস. এম. লাভলুর রহমান, সাবেক প্রধান প্রকৌশলী আব্দুল মালেক, বর্তমান প্রধান প্রকৌশলী জাকারিয়া আহমেদ, তত্ত্বাবধায়ক প্রকৌশলী শরিফুল ইসলাম, প্রকল্প পরিচালক (পিডি) আমিনুল হাসিব, ইউনুস ভূঁইয়া, সহকারী প্রকৌশলী শাহিন আহমেদ, ইসমাইল হোসেন, দুদকের সাবেক ডিজি সৈয়দ ইকবাল হোসেন, দুদকের ডাটা এন্ট্রি অপারেটর মোরশেদা আক্তার এবং তাঁর স্বামী খুররমের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ ও তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপে মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়।
জবাবে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা অভিযোগগুলো দ্রুত যাচাই-বাছাই করে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী, কাইয়ুম রেজা চৌধুরী, উনসত্তরের গণঅভ্যুত্থানের শহীদ আসাদের সহোদর ডা. এ. এম. নুরুজ্জামান, মহান মুক্তিযুদ্ধের গেরিলা লিডার ড. শফিকুল ইসলাম কানু, সাবেক অতিরিক্ত সচিব ড. মেঃ আব্দুল হক তালুকদার, মাওলানা ভাসানীর পুত্রবধূ পারভীন নাসের খান ভাসানী, অবসরপ্রাপ্ত কর্ণেল ড. প্রকৌশলী আনোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্ণেল আবু মো. যোবায়ের উল্লাহ, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, মন্ত্রীর একান্ত সচিব (পিএস) শফিকুল আলম, জনসংযোগ কর্মকর্তা (পিআরও) তরিকুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।