লামায় রিসোর্ট নির্মাণের নামে কবরস্থান দখলের অভিযোগে মানববন্ধন
মোঃ আকাশ বান্দরবন জেলা প্রতিনিধি
বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাগান পাড়া এলাকায় বসতভিটা ও কবরস্থানের জমি দখল করে ‘জঙ্গল বিলাস’ নামে একটি রিসোর্ট নির্মাণের অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) সকালে বান্দরবান প্রেসক্লাবের সামনে মিরিঞ্জা বাগান পাড়া এলাকার বাসিন্দাদের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন মানবাধিকার কর্মী জন ত্রিপুরা, ম্রো স্টুডেন্ট কাউন্সিলের কেন্দ্রীয় সভাপতি তনয়া ম্রো, পাহাড়ী ছাত্র পরিষদের বান্দরবান সদর শাখার সভাপতি উবাথুই এবং স্থানীয় বাসিন্দা রাইচন্দ্র ত্রিপুরা।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী মহল ভুয়া দলিলপত্র তৈরি করে স্থানীয় পাহাড়ি জনগোষ্ঠীর জমি দখলের চেষ্টা চালাচ্ছে। শুধু বসতভিটাই নয়, কবরস্থানসহ পার্বত্য বনভূমিও দখলের আওতায় আনা হয়েছে। ভারী যন্ত্রপাতি ব্যবহার করে পাহাড় কাটা, গাছপালা নিধন এবং পরিবেশ ধ্বংসের মাধ্যমে রিসোর্ট নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়।
বক্তারা আরও বলেন, এ অন্যায়ের বিরুদ্ধে যারা প্রতিবাদ করছেন, তাদেরকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন, হুমকি এবং মিথ্যা মামলায় হয়রানি করা হচ্ছে।
এ সময় তারা অবিলম্বে রিসোর্ট নির্মাণ কার্যক্রম বন্ধ, স্থানীয়দের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার, জমির সঠিক জরিপ সম্পন্ন এবং এলাকাবাসীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। একইসঙ্গে কবরস্থানের পবিত্রতা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।