শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৫:১২ অপরাহ্ন

লালমনিরহাটের আদিতমারীতে বিধবার খাস জমি দখলের চেষ্টা ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে পুলিশ। লালমনিরহাট জেলা পতিনিধি রওশন বাবু ০১৭২৫১৯২৪২৪

Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

লালমনিরহাটের আদিতমারীতে বিধবার খাস জমি দখলের চেষ্টা ও অর্থ আত্মসাতের অভিযোগ, তদন্তে পুলিশ।

লালমনিরহাট জেলা পতিনিধি
রওশন বাবু
০১৭২৫১৯২৪২৪

লালমনিরহাটের আদিতমারীতে এক অসহায় ভূমিহীন বিধবা নারীর ভোগদখলীয় সরকারি খাস জমি জবরদখল, বাড়ি ভাঙচুর এবং বন্দোবস্তের নামে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে স্থানীয় প্রভাবশালী একটি চক্রের বিরুদ্ধে। এই ঘটনায় ভুক্তভোগী নারীর ছেলে মো: আনিসুল হক বাদী হয়ে মো: আফজাল হোসেন কবিরাজসহ চারজনকে অভিযুক্ত করে আদিতমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ৩ জুন ২০২৬। ঘটনার পর থেকে ভুক্তভোগী পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

থানায় দায়ের করা লিখিত অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের পূর্ব ভেলাবাড়ী এলাকার বাসিন্দা এক অসহায় বিধবা নারী তার সন্তানদের নিয়ে বিগত ২০০০ সাল থেকে ওই এলাকার ৯ নং দাগের ৬.৩০ শতক সরকারি খাস জমি বন্দোবস্ত নিয়ে বাড়ি তৈরি করে বসবাস করে আসছেন। কিন্তু স্থানীয় মো: আফজাল হোসেন কবিরাজ, মো: আরিফুল ইসলাম, মোছা: আছিয়া বেগম ও মোছা: আরিফা বেগম দীর্ঘদিন ধরে ওই জমি জোরপূর্বক দখলের পাঁয়তারা চালিয়ে আসছিলেন। ভুক্তভোগীদের দাবি, জমিটি স্থায়ীভাবে বন্দোবস্ত করে দেওয়ার কথা বলে কৌশলে তাদের কাছ থেকে ৪৪,০০০ টাকা হাতিয়ে নেয় অভিযুক্তরা। কিন্তু পরবর্তীতে তারা জমিটি বন্দোবস্ত না দিয়ে উল্টো পরিবারটিকে উচ্ছেদের চেষ্টা শুরু করে।

অভিযোগে আরও জানা যায়, ঘটনার দিন দুপুরে অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে এবং নিজস্ব আমিন (ভূমি পরিমাপক) নিয়ে এসে ওই বিধবা নারীর বাড়ি ভাঙচুর করে জমিটি জোরপূর্বক দখলের চেষ্টা চালায়। এ সময় বাড়ির নারীরা বাধা দিলে তাদের মারধর, শ্লীলতাহানি এবং প্রাণনাশের হুমকি দিয়ে তাড়িয়ে দেওয়া হয়। বর্তমানে ওই পরিবারের পুরুষ সদস্যরা জীবিকার তাগিদে ঢাকায় অবস্থান করায় যেকোনো সময় বাড়িটি জবরদখল হওয়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন তারা।

এদিকে অভিযোগের বিষয়ে যোগাযোগ করা হলে প্রধান অভিযুক্ত মো: আফজাল হোসেন কবিরাজ তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট বলে দাবি করেছেন। তিনি বলেন, “জমি দখল, বাড়ি ভাঙচুর বা টাকা নেওয়ার কোনো ঘটনাই ঘটেনি। স্থানীয় একটি মহলের উসকানিতে আমাদের সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করতেই থানায় এই কাল্পনিক ও মিথ্যা অভিযোগ দায়ের করা হয়েছে।

এই বিষয়ে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, খাস জমি দখল ও হুমকির বিষয়ে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তের জন্য একজন পুলিশ কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


More News Of This Category