শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

মরণফাঁদে রূপ নেওয়া সড়ক, ১৮ বছর ধরে সংস্কারহীন। আরমান হোসেন রাজু রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার। ০১৭১৭৭৭৬৯৭২

Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

মরণফাঁদে রূপ নেওয়া সড়ক, ১৮ বছর ধরে সংস্কারহীন।

আরমান হোসেন রাজু
রংপুর বিভাগীয় ক্রাইম রিপোর্টার।
০১৭১৭৭৭৬৯৭২

২২ আগস্ট, ২০২৬

আইডি জটিলতার অজুহাতে দীর্ঘ ১৮ বছর ধরে সংস্কার হয়নি গাইবান্ধার সাঘাটা উপজেলার পশ্চিমবাটি সড়কটি। পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবে সড়কটির পিচ উঠে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। অনেক জায়গায় দুপাশের মাটি ধসে গিয়ে বিলীন হতে বসেছে এর মূল অস্তিত্ব। সড়কটি চলাচলের উপযোগী করতে রোড আইডি সংশোধন ও সংস্কারের দাবি নিয়ে গ্রামবাসী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে (এলজিইডি) একাধিকবার যোগাযোগ করলেও এখনো মেলেনি কোনো স্থায়ী সমাধান।

​সরেজমিনে দেখা যায়, উপজেলার বোনারপাড়া ইউনিয়নের ভাঙাব্রিজ–দুর্গাপুর সড়কের অধিকাংশ স্থানের পিচ উঠে গেছে। আনিছুরের চাতাল, মওলার বাড়ি ও পল্টনের দোকান সংলগ্ন এলাকাসহ অন্তত ১৫টি পয়েন্টে দেখা দিয়েছে মারাত্মক ভাঙন। ধসে যাওয়া মাটির কারণে সড়কটি সংকীর্ণ হয়ে পড়েছে, যা দিন দিন চরম বিপজ্জনক রূপ নিচ্ছে।

​পশ্চিমবাটি এলাকার বাসিন্দারা জানান, ২০০৭ সালে সড়কটি পাকাকরণের পর থেকে এখন পর্যন্ত আর কোনো মেরামতের মুখ দেখেনি। টানা ১৮ বছর সংস্কারহীন থাকায় এটি এখন চলাচলের সম্পূর্ণ অনুপযোগী। এতে একদিকে যেমন যানবাহন ও পথচারী চলাচলেই বিঘ্ন ঘটছে, অন্যদিকে কৃষিপণ্য হাটে-বাজারে আনা-নেওয়ায় চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে স্থানীয়দের।

​স্থানীয় বাসিন্দা জুয়েল মিয়া, রফিকুল ইসলাম ও ফারুকুল ইসলাম জানান, বেহাল এই সড়কে চলাচলের সময় প্রতিনিয়তই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। ক্ষোভ প্রকাশ করে এলাকার কৃষক মজিবর রহমান বলেন, “এলাকার একমাত্র সড়কটির এমন অবস্থা যে এখন স্বাভাবিকভাবে হেঁটে চলাই দুঃসাধ্য।” পথচারী পল্টন মিয়া জানান, গর্ত ও ভাঙনের কারণে অপরিচিত তো বটেই, স্থানীয় পথচারীরাও প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন।

​সাঘাটা উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, সড়কটি পাকাকরণের সময় নির্ধারিত ‘রোড আইডি’ অন্তর্ভুক্ত করা হয়নি। প্রাতিষ্ঠানিক ও কারিগরি এই আইডি সংক্রান্ত জটিলতার কারণেই এতদিন ধরে সংস্কারের জন্য কোনো সরকারি বরাদ্দ মেলেনি।

​এ বিষয়ে সাঘাটা উপজেলা প্রকৌশলী নয়ন রায় জানান, কারিগরি ত্রুটির কারণে সড়কটির আইডি সংশোধন বিলম্বিত হয়েছে। তবে সমস্যাটি সমাধানে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন দপ্তরে ইতোমধ্যে নতুন প্রস্তাবনা পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত সংস্কারকাজ শুরু করার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
#গাইবান্ধা #সাঘাটা #বিপদজনক_সড়ক #এলজিইডি #


More News Of This Category